Uncategorized

ভ্যাকসিন বাণিজ্যে স্বচ্ছতার আহ্বান যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত

ওয়াশিংটন ডিসি (যুক্তরাষ্ট্র) প্রতিনিধি: মার্কিন টিকা উৎপাদনকারী সংস্থাগুলোকে উন্নয়নশীল দেশগুলোতে বাণিজ্যিকভাবে টিকা রফতানির অধিকতর সুযোগ সৃষ্টি এবং এক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম।

মঙ্গলবার যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিল রাষ্ট্রদূত এম শহীদুল ইসলামের সম্মানে একটি ভার্চুয়াল আলোচনার আয়োজন করে। এই অনুষ্ঠানে রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম তার বক্তব্যে এ আহ্বান জানান।

অনুষ্ঠানে ইউএস চেম্বার অব কমার্সের কর্মকর্তা, ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের কূটনীতিক এবং বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি নিশা বিসওয়াল অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম তার বক্তব্যে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রাধিকার এবং কিভাবে বেসরকারি খাত দু’দেশের মধ্যে ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ককে আরো জোরদার করতে ভূমিকা রাখতে পারে তা তুলে ধরেন। তিনি কোভিড-১৯ মহামারি দ্বারা সৃষ্ট অর্থনৈতিক প্রতিবন্ধকতাগুলো কাটিয়ে উঠতে এবং দ্বিপক্ষীয় সহযোগিতা আরো জোরদার করার উপর গুরুত্ব আরোপ করেন।

রাষ্ট্রদূত শহীদুল ইসলাম বাংলাদেশের জনগণের জন্য পর্যাপ্ত টিকা প্রাপ্তি নিশ্চিত করার উদ্দেশ্যে মার্কিন সরকার এবং বেসরকারী খাত উভয়ের সাথে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

বাংলাদেশে বিশেষ করে বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কগুলোতে বিনিয়োগ করে বাংলাদেশের অনুকূল বিনিয়োগ পরিবেশের সুযোগ নিতে রাষ্ট্রদূত মার্কিন বিনিয়োগকারীদের আহ্বান জানান। তিনি বাংলাদেশের আইটি পেশাদারদের জন্য এইচ১বি ভিসা প্রাপ্তির প্রক্রিয়া সহজীকরণের জন্য মার্কিন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

রাষ্ট্রদূত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং বোয়িংয়ের মধ্যে দীর্ঘ দিনের অংশীদারিত্বকে সুসংহত করতে বেসামরিক বিমান চলাচলে দুই সরকারের মধ্যে সহযোগিতা বাড়ানোর উপর জোর দেন। এক্ষেত্রে তিনি ঢাকা ও নিউইয়র্কের মধ্যে পুনরায় সরাসরি বিমান চালু করতে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সহযোগিতা চেয়েছেন।

রাষ্ট্রদূত অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের উত্থাপিত বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং বাংলাদেশে ব্যাবসা প্রতিষ্ঠায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension