প্রধান খবরবাংলাদেশ

ভ্যাটিক্যানে প্রধানমন্ত্রীকে ‘গার্ড অব অনার’, পোপের সঙ্গে বৈঠক

রূপসী বাংলা ডেস্ক:খ্রিস্টান সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । সোমবার প্রধানমন্ত্রী ভ্যাটিক্যান সিটিতে পৌঁছালে তাকে ‘স্ট্যাটিক গার্ড অব অনার’ দেওয়া হয়।

এরপর পোপ ফ্রান্সিস ও সেক্রেটারি অব স্টেট অব ভ্যাটিক্যান সিটি কার্ডিনাল পিয়েত্রো পারোলিনের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী।

বৈঠকের পর প্রধানমন্ত্রী পোপের সঙ্গে তার সফরসঙ্গীদের পরিচয় করিয়ে দেন। তিনি পোপকে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের ওপর একটি পেইন্টিং উপহার দেন। পোপও পরে শেখ হাসিনাকে একটি ক্রেস্ট উপহার দেন। পোপ প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদেরও স্যুভেনির উপহার দেন।

বৈঠকের পর ভ্যাটিকানের সিসটাইন চ্যাপেল ও সেইন্ট পিটার্স ব্যাসিলিকা পরিদর্শন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

ভ্যাটিকান সফরে প্রধানমন্ত্রী সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শেখ হাসিনার আমন্ত্রণে পোপ ফ্রান্সিস গত ৩১ নভেম্বর থেকে ২ ডিসেম্বর বাংলাদেশ সফর করেন।

প্রধানমন্ত্রীর সফরের আগে পররাষ্ট্রমন্ত্রী সংবাদ সম্মেলনে বলেছিলেন, ‘মহামহিম পোপের বাংলাদেশ সফরের পরপরই মাননীয় প্রধানমন্ত্রীর ভ্যাটিকান সফর দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ককে আরও দৃঢ় করবে।… খ্রিস্টান দেশসমূহে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বলতর হবে এবং সেসব দেশে বসবাসরত বাংলাদেশিদের জন্য আরও অনুকূল পরিবেশ তৈরি হবে।’

শেখ হাসিনা মঙ্গলবার সকালে রোমে আইএফএডির সদরদপ্তরে গভর্নিং কাউন্সিলের ৪১তম অধিবেশনে যোগ দেবেন। উদ্বোধনী অধিবেশনে তিনি মূল প্রবন্ধ উপস্থাপন করবেন এবং বিকালে ইতালি আওয়ামী লীগের দেয়া এক গণসংবর্ধনায় অংশগ্রহণ করবেন।

মঙ্গলবার সন্ধ্যায় রোমে প্রবাসী বাংলাদেশিদের এক সংবর্ধনা সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। সফর শেষে ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় তার দেশে ফেরার কথা রয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension