
মসজিদ কমিটি ২০ দিন আগেই তিতাসকে জানিয়েছিল
মসজিদ কমিটির সভাপতি গফুর মেম্বারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে ঘটনার মাত্র ২০ দিন আগেই গ্যাস লিকেজের বিষয়টি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডকে জানিয়েছিল।
শনিবার রাতে মসজিদটির ৫১ সদস্যবিশিষ্ট কমিটির ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা মোহাম্মদ আল-আমিন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, প্রায় পৌনে এক বছর ধরেই আমরা একাধিকবার বিষয়টি জানিয়েও কোনও ফল পাই নি। আগে বা পরেও তো এমন ঘটনা ঘটতে পারত। যদি ওই দিন জুমার নামাজের সময় এ ঘটনা ঘটত, তবে আজ লাশ রাখার জায়গা দেওয়া যেত না।
মাওলানা মোহাম্মদ আল-আমিন বলেন, আমরা নামাজে এলেই গ্যাসের গন্ধ পেতাম। দিন দিন এ গন্ধ বেড়েই চলছিল। পরে মসজিদ কমিটির সভাপতির নেতৃত্বে তিতাস গ্যাস কর্তৃপক্ষকে এ ব্যাপারে জানানো হলেও তারা কোনও পদক্ষেপ নেয় নি।
মসজিদের সামনে দিয়ে গ্যাসের রাইজার ও লাইনগুলো গেছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ চাইলে এক ঘণ্টায় এটি সমাধান করে দিয়ে যেতে পারত। তারা তা করে নি। তাদের সেই গাফলতিতে হয়তো আজকের এ ঘটনা ঘটল।
তিনি বলেন, তিতাস গ্যাস কর্তৃপক্ষকে লিখিতভাবে জানাই নি আমরা; এটি আমাদের ভুল ছিল হয়ত। আর সেটিই এখন সামনে এসেছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষকে জানানো হয়েছে অনবরত গ্যাস বের হচ্ছে; তবু তারা আসে নি।❐



