
মহাকাশ স্টেশনে আটকে থাকা ২ নভোচারীর ফেরার নতুন সময় জানাল নাসা
গত জুন থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) আটকে থাকা দুই মার্কিন নভোচারী মার্চের শুরুতেই পৃথিবীতে ফিরতে পারেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা।
অভিজ্ঞ নভোচারী বুচ উইলমোর ও সুনিতা উইলিয়ামসকে বোয়িং স্টারলাইনার মহাকাশযানে করে আইএসএসে পাঠানো হয়েছিল মাত্র আট দিনের মিশনে। কিন্তু মহাকাশযানটির চালনাজনিত সমস্যার কারণে তারা আট মাসেরও বেশি সময় ধরে সেখানে অবস্থান করছেন।
যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা জানিয়েছে, স্টারলাইনারকে ক্রু ছাড়া পৃথিবীতে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কয়েক সপ্তাহ ধরে চালানো পরীক্ষার পর নাসা গত আগস্টে ঘোষণা দেয়, ইলন মাস্কের স্পেসএক্স তাদের ফিরিয়ে আনবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টাদের একজন মাস্ক জানুয়ারির শেষ দিকে জানিয়েছিলেন, তিনি নভোচারীদের ‘যত দ্রুত সম্ভব’ ফিরিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে রিপাবলিকানরা এই দেরির জন্য ট্রাম্পের পূর্বসূরি জো বাইডেনকে দায়ী করেছেন।
স্পেসএক্সের মিশন ‘ক্রু-৯’ গত সেপ্টেম্বরে দুটি শূন্য আসন নিয়ে ড্রাগন মহাকাশযানে করে দুই নভোচারীকে আইএসএসে পাঠায়, যা উইলমোর ও উইলিয়ামসের ফেরার জন্য নির্ধারিত ছিল।
কিন্তু তাদের ফেরার পরিকল্পনা পিছিয়ে যায়। কারণ হিসেবে নাসা জানায়, তাদের পরিবর্তে আসার কথা থাকা ‘ক্রু-১০’ মিশন মার্চের শেষের আগে উৎক্ষেপণ করা সম্ভব হবে না।
নাসা মঙ্গলবার ঘোষণা করেছে, মিশন প্রস্তুতির ওপর নির্ভর করে ‘ক্রু-১০’ উৎক্ষেপণ এখন ১২ মার্চ নির্ধারণ করা হয়েছে। স্পেসএক্সের সঙ্গে আলোচনার পর মূল পরিকল্পনায় কিছু পরিবর্তন এনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রথমে নতুন একটি ড্রাগন মহাকাশযান ব্যবহারের পরিকল্পনা থাকলেও এতে বেশি সময় লাগবে বলে এখন ‘এন্ডুরেন্স’ নামের পূর্বে ব্যবহৃত একটি মহাকাশযান ব্যবহার করা হবে।
নাসা জানিয়েছে, ‘ক্রু-১০’ মহাকাশ স্টেশনে পৌঁছনোর পর কয়েক দিনের হস্তান্তর প্রক্রিয়া শেষে উইলমোর ও উইলিয়ামস পৃথিবীতে ফিরবেন। জানুয়ারিতে দেওয়া এক সাক্ষাৎকারে তারা জানিয়েছিলেন, তারা ভালো আছেন, পর্যাপ্ত খাবার রয়েছে এবং মহাকাশ স্টেশনে সময় উপভোগ করছেন। তাদের দীর্ঘ মিশন গুরুত্বপূর্ণ হলেও এটি এখনো ফ্রাংক রুবিওর ৩৭১ দিনের রেকর্ড ছাড়িয়ে যায়নি। ২০২৩ সালে তিনি আইএসএসে এত দিন অবস্থান করেছিলেন, কারণ তার ফেরার জন্য নির্ধারিত রুশ মহাকাশযানে কুল্যান্ট লিক ধরা পড়েছিল।
সূত্র: এএফপি



