প্রধান খবর

মালয়েশিয়ায় ৫ বাংলাদেশিসহ ৩২ প্রবাসী আটক

মালয়েশিয়ার বাটু পাহাত জেলায় ইমিগ্রেশন বিভাগের বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৩২ প্রবাসীকে আটক করা হয়েছে।

অভিযানটি স্থানীয় খাবারের দোকান, গাড়ি ধোয়ার কেন্দ্র এবং বিদেশি শ্রমিকদের বসবাসের এলাকাগুলোতে একাধিক স্থানে পরিচালিত হয়।

জোহর রাজ্যের ইমিগ্রেশন পরিচালক দাতুক মোহদ রুসদি মোহদ দারুস জানিয়েছেন, অভিযানের অংশ ছিল ‘অপস সেলেরা’, ‘অপস মিনিয়াক’ ও ‘অপস সাপু’ নামের সমন্বিত কার্যক্রম।

গত এক সপ্তাহ ধরে চলা গোয়েন্দা নজরদারি এবং জনগণের তথ্যের ভিত্তিতে এই অভিযান সম্পন্ন করা হয়।

তিনি জানান, অভিযানে মোট ৯৬ জন বিদেশি নাগরিকের কাগজপত্র যাচাই করা হয়। এর মধ্যে ৩২ জনকে বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের কারণে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এবং ইমিগ্রেশন বিধিমালা ১৯৬৩ এর বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে। তাদের অপরাধের মধ্যে রয়েছে বৈধ ভ্রমণ নথি বা অনুমতিপত্রের অভাব, অস্থায়ী কাজের অনুমতি অপব্যবহার, অনুমতি ছাড়া কাজ করা এবং মেয়াদোত্তীর্ণ অবস্থায় দেশের মধ্যে অবস্থান।

আটকদের মধ্যে রয়েছেন: বাংলাদেশি ৫, ভারতীয় ৫, পাকিস্তানি ১, মিয়ানমারের ৪ পুরুষ ও ১ নারী, ইন্দোনেশিয়ার ৮ পুরুষ ও ৮ নারী। তাদের বয়স ১৯ থেকে ৫২ বছরের মধ্যে।

আটক ব্যক্তিদের তদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সেতিয়া ট্রোপিকা ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

অভিযানের সময় আরও চারজন স্থানীয়কে তদন্তে সহযোগিতার জন্য সাক্ষী হিসেবে বোরাং ২৯ প্রদান করা হয়েছে।

দাতুক রুসদি জানান, অনুমতি ছাড়া কাজ করা এবং অবৈধভাবে অবস্থানকারী বিদেশিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension