আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র

মা-বাবা ও দাদা-দাদিকে স্থায়ীভাবে নেওয়ার নতুন আবেদন স্থগিত করল কানাডা

কানাডায় মা-বাবা ও দাদা-দাদিকে স্থায়ীভাবে নেওয়ার স্পন্সরশিপ প্রোগ্রামে নতুন আবেদন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে দেশটির অভিবাসন বিভাগ। ফাইল নিষ্পত্তির সময় কমানো এবং আবেদনকারীদের অনিশ্চয়তা দূর করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বুধবার জানিয়েছে কর্তৃপক্ষ।

কানাডার অভিবাসন বিভাগ ইমিগ্রেশন, রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ কানাডা (আইআরসিসি) এক বিজ্ঞপ্তিতে জানায়, টেকসই অভিবাসন ব্যবস্থা বজায় রাখার অংশ হিসেবে প্যারেন্টস অ্যান্ড গ্র্যান্ডপ্যারেন্টস প্রোগ্রাম (পিজিপি)-এর আওতায় নতুন আবেদন গ্রহণ সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে।

তবে এর আগে জমা পড়া আবেদনগুলোর প্রক্রিয়াকরণ স্বাভাবিকভাবে চলবে বলে জানিয়েছে আইআরসিসি। সংস্থাটির ২০২৬-২০২৮ অভিবাসন পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালে পিজিপি কর্মসূচির আওতায় সর্বোচ্চ ১৫ হাজার মানুষকে স্থায়ী বসবাসের (পিআর) অনুমতি দেওয়ার লক্ষ্য রয়েছে।

আইআরসিসির ভাষ্য, নতুন ও বর্তমান-উভয় ধরনের অভিবাসী এবং কানাডার জন্য কার্যকর, পরিকল্পিত ও টেকসই অভিবাসন ব্যবস্থা নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

পারিবারিক পুনর্মিলনের সুযোগ থাকছে

নতুন আবেদন স্থগিত হলেও পারিবারিক পুনর্মিলনের সুযোগ বহাল থাকবে বলে জানিয়েছে আইআরসিসি। সংস্থাটি বলেছে, মা-বাবা এবং দাদা-দাদি বা নানা-নানিরা সুপার ভিসা নিয়ে কানাডায় পরিবারের সদস্যদের কাছে যেতে পারবেন।

সুপার ভিসার আওতায় প্রতিবার সর্বোচ্চ টানা পাঁচ বছর কানাডায় অবস্থান করা যায়। এছাড়া ১০ বছরের মধ্যে একাধিকবার দেশটিতে প্রবেশের সুযোগ রয়েছে।

সম্প্রতি সুপার ভিসার আয় ও স্বাস্থ্যবিমা-সংক্রান্ত কিছু শর্তও শিথিল করা হয়েছে। সরকারের ভাষ্য, এসব পরিবর্তনের ফলে মা-বাবা এবং দাদা-দাদি বা নানা-নানিদের জন্য কানাডায় সন্তান ও নাতি-নাতনিদের সঙ্গে দেখা করা আরও সহজ হবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension