
যুক্তরাষ্ট্রে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
রূপসী বাংলা ডেস্ক:প্রবাসে বাংলা সংস্কৃতির বিকাশ এবং নতুন প্রজন্মের মধ্যে বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার অঙ্গীকারে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান একুশে ফেব্রুয়ারি। একুশের প্রথম প্রহরে স্থানীয় সময় মঙ্গলবার রাত ১২টা ১ মিনিটে প্রবাসের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।




ম্যানহাটনে জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী মিশন, উডসাইডের গুলশান টেরেসে বাংলাদেশ সোসাইটি এবং কুইন্স প্যালেসে ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন, জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিটে যৌথভাবে জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন (জেবিবিএ-এনওয়াই) এবং জ্যাকসন হাইটস এলাকাবাসী বিভিন্ন কর্মসূচি পালন করে। এর আগে মঙ্গলবার দুপুর ১টা ১ মিনিটে (বাংলাদেশে একুশের প্রথম প্রহর) ম্যানহাটনে জাতিসংঘের সামনে দ্যাগ হ্যামারশেল্ড পার্কে মুক্তধারা ফাউন্ডেশন এবং বাঙালির চেতনা মঞ্চ অমর একুশের বিস্তারিত কর্মসূচি পালন করে। জাতিসংঘে বাংলাদেশ মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে সেখানে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়। যুক্তরাষ্ট্র প্রবাসী মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সাংবাদিকসহ বিভিন্ন পেশার বিপুল প্রবাসী বাঙালির উপস্থিতিতে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করা হয়। বিভিন্ন দেশের কূটনীতিকরা এ কর্মসূচিতে অংশ নেন।





আরও উপস্থিত ছিলেন নিউইয়র্ক সফররত বাংলাদেশের সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খান, সংসদ সদস্য মুন্নুজান সুফিয়ান, সংসদ সদস্য ইসরাফিল আলম, সংসদ সদস্য ফখরুল ইমাম, সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান, সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ ও সংসদ সদস্য রোখসানা ইয়াসমিন ছুটি, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, ডঃ প্রদীপ কর, ডাঃ মাসুদুল হাসান, কাজী কয়েছ, শরীফ কামরুল আলম(হীরা), অধ্যাপিকা মমতাজ শাহনাজ সভাপতি যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামীলীগ, নাফিজুর রহমান চুন্নু, শাহ মোঃ বখতিয়ার, মোঃ ইলিয়ার রহমান, ইমদাদ চৌধুরী, মৌলা এম এ মাসুদ, সুবল দেবনাথ, জেড এ জয়, ওয়ালী হোসাইন, নাফিজুর রহমান তুরান, ডি, এম, রোনেল, , ফারুক হোসেন, হাসান জিলানী, প্রমুখ। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেনের নেতৃত্বে মিশনের কর্মকর্তা কর্মচারিরাও ফুল দিয়ে শ্রদ্ধা জানান।



