
যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে ৬০ হাজার আক্রান্ত
কোভিড-১৯ মহামারীর দাপট কিছুতেই কমছে না যুক্তরাষ্ট্রে। মাঝে আক্রান্তের সংখ্যা কিছুটা কমে এলেও আবার বাড়া শুরু করেছে সংক্রমণ। একদিনে দেশটিতে প্রায় ৬০ হাজার মানুষ নতুন করে আক্রান্ত হয়েছেন। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সোমবার রাতের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে ৫৯ হাজার ৭৪৭ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।
আর বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ৮টা পর্যন্ত (বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল সাড়ে ৬টা) ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৫৯ হাজার ২২২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
তাতে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটিতে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৩৩ লাখ ৬০ হাজারের বেশি, যা বিশ্বের মোট আক্রান্তের প্রায় এক-চতুর্থাংশ। তবে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হিসাবে এই সংখ্যা একটু কম, ৩৩ লাখ ১ হাজার ৮২০ জন।
এর আগে শনিবার দেশটিতে রেকর্ড ৬৬ হাজার ৫২৮ জন আক্রান্ত হন। ❑



