
যুক্তরাষ্ট্র-চীন শুল্কযুদ্ধে চাপে দক্ষিণ-পূর্ব এশিয়া
যুক্তরাষ্ট্র ও চীন একটি বাণিজ্যযুদ্ধে জড়িয়ে পড়েছে। দেশ দুটির লড়াইয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর বাণিজ্যে এখন অস্থিরতা।
মাত্রাতিরিক্ত শুল্ক আরোপের কারণে যুক্তরাষ্ট্র-চীনের পণ্য বাণিজ্যে এক প্রকার নিষেধাজ্ঞা জারি হয়েছে বলা যায়। শুল্কযুদ্ধ মোকাবেলায় চীন ঘরে বসে নেই। একদিকে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো ট্রাম্প প্রশাসনের কাছে ধরনা দিচ্ছে, অন্যদিকে চীনা শীর্ষ নেতারা এই অঞ্চলে সফর করে নিজেদের মাঠ ধরে রাখার চেষ্টা করছেন।
চীনের প্রেসিডেন্ট শি জিন পিং চলতি মাসে মালয়েশিয়া, ভিয়েতনাম ও কম্বোডিয়া সফর করেন। সফরে তিনি একবারও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম মুখে নেননি। তবে শি’র প্রতিটি পদক্ষেপ ছিল মার্কিন প্রশাসনের বিরুদ্ধে।
ভিয়েতনামে গিয়ে শি যুক্তরাষ্ট্রের একতরফা হুমকির বিরোধিতা করেন। যুক্তরাষ্ট্রের হুমকি মোকাবেলায় তিনি দেশটির সরকার প্রধানকে বেইজিংয়ে আমন্ত্রণ জানান। মালয়েশিয়ায় তিনি ‘সাম্প্রতিক বিশ্ব ব্যবস্থা ও অর্থনৈতিক বিশ্বায়নের ধাক্কা’ নিয়ে কথা বলেন। আর কম্বোডিয়ায় ‘আধিপত্য, ক্ষমতার রাজনীতি ও জোটভিত্তিক টানাপড়েন’ বিষয়ে কথা বলেন। নমপেনের সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন শি।
বিশ্লেষকরা বলেছেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার ছোট দেশগুলো নিজেদের টিকিয়ে রাখতে যুক্তরাষ্ট্র-চীনের মতো দেশগুলোর সঙ্গে কাজ করে থাকে। তারা এই দুই বৃহত্তম অর্থনীতির সংস্পর্শে থাকতে চায়। কিন্তু এখন দুই দেশের বাণিজ্যযুদ্ধ দেশগুলোকে বিরাট চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিয়েছে।
বিশ্লেষকরা আরও বলছেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্র উচ্চ শুল্ক আরোপ করায় এই অঞ্চলের কর্মকর্তারা হোয়াইট হাউসের সঙ্গে সমঝোতার আলোচনা করতে বাধ্য হয়েছেন। যেহেতু চীন এই অঞ্চলের বৃহত্তম প্রতিবেশী এবং এক নম্বর বাণিজ্য অংশীদার, সেহেতু চীন দেশগুলোর সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে মনোযোগ দিয়েছে। এতে যুক্তরাষ্ট্রের আমদানিতে প্রভাব পড়ছে।
এদিকে ট্রাম্পের শুল্ক যুক্তরাষ্ট্রে চীনা আমদানির প্রবাহকে ধীর করে দিয়েছে। এই কারণে দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজার এখন চীনের সস্তা পণ্যের সয়লাব হতে পারে বলে মনে করছেন কেউ কেউ। এতে ছোট দেশগুলোর শিল্প ক্ষতিগ্রস্ত হতে পারে এবং কর্মসংস্থান হ্রাস পাওয়ার শঙ্কা রয়েছে।



