
মিয়ানমারের রাখাইন রাজ্যের অবনতিশীল পরিস্থিতিতে বাংলাদেশকে দ্রুত কূটনৈতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। আজ মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
আবদুর রব বলেন, ‘গণমাধ্যমে প্রকাশ—আগস্ট মাসের তৃতীয়ার্ধ থেকে চলতি সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত বেশ কয়েকবার মিয়ানমারের ছোড়া মর্টারের গোলার বিস্ফোরিত ও অবিস্ফোরিত অংশ বাংলাদেশের সীমান্তের ভেতর এসে পড়ে। পাশাপাশি গত দুই সপ্তাহে একাধিকবার মিয়ানমারের হেলিকপ্টার আকাশসীমা লঙ্ঘন করে বাংলাদেশের ভেতরে ঢুকেছে। মিয়ানমারের রাখাইন রাজ্যে অবনতিশীল পরিস্থিতিতে অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে মিয়ানমার সামরিক শক্তি হিসেবে আবির্ভূত হতে চায়। এটা বাংলাদেশের স্থিতিশীলতা, শান্তি ও নিরাপত্তার প্রশ্নে হুমকি।’
উদ্ভূত পরিস্থিতিতে রোহিঙ্গা সংকট এবং মিয়ানমারের অবনতিশীল বাস্তবতায় তাদের সামরিক তৎপরতায় নির্বিকার না থেকে বাংলাদেশকে দ্রুত কার্যকর ও গ্রহণযোগ্য কূটনৈতিক পদক্ষেপ নিতে হবে বলে বিবৃতিতে উল্লেখ করেন আ স ম আবদুর রব।



