
রাজধানীসহ শীতে কাঁপছে দেশ, কমছে তাপমাত্রা
পৌষের শুরুতেই তাপমাত্রা কমতে শুরু করেছে। শীতে কাঁপছে দেশ। ঘনকুয়াশায় ঢেকে গেছে রাজধানীর আকাশও। আগামী ৭২ ঘণ্টায় তাপমাত্রা আরো কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ২১ ডিসেম্বর পর্যন্ত শীত জেঁকে বসবে বলে পূর্বাভাসে জানিয়েছে অধিদপ্তর।
মঙ্গলবার মধ্যরাত থেকে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলসহ রাজধানীতে বইতে শুরু করেছে কনকনে ঠাণ্ডা বাতাস। এর সঙ্গে পাল্লা দিয়ে কমতে শুরু করেছে তাপমাত্রা। মঙ্গলবারের তুলনায় গতকাল বুধবার দেশের প্রায় সব এলাকায় তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমেছে। কয়েক সপ্তাহ ধরে ভোরে কুয়াশা দেখা গেলেও গতকাল বুধবার বিকালে হঠাৎ কুয়াশায় ঢেকে গেছে ঢাকার আকাশ। সেই সঙ্গে উত্তরের হাওয়ায় বেড়েছে শীতের অনুভূতি।
গতকাল আবহাওয়াবিদ আফতাব উদ্দিন বলেন, পৌষ এলো মানেই শীত এলো। যদিও শৈত্যপ্রবাহ নেই, তবু এবার শুরুতেই বেশ শীত অনুভূত হচ্ছে। মেঘলা আকাশে উত্তর, উত্তর-পশ্চিমের বাতাসের বেগও রয়েছে হালকা। তাই শৈত্যপ্রবাহের মতোই শীত অনুভ‚ত হচ্ছে গতকাল থেকে। তিনি জানান, যেহেতু বাতাস আছে। বাতাসের কারণে শীত বেশি অনুভূত হচ্ছে। আজ বৃহস্পতিবার বাতাস অব্যাহত থাকবে।
তিনি জানান, তবে দেশে এখন যে সর্বনিম্ন তাপমাত্রা তাকে শৈত্যপ্রবাহ বলা যাচ্ছে না। কেননা, ১০-এর নিচে না নামলে শৈত্যপ্রবাহ বলা যায় না। থার্মোমিটারের পারদ ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলে। তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে তাকে বলা হয় মাঝারি শৈত্যপ্রবাহ। আর পারদ ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তীব্র শৈত্যপ্রবাহ বলে ধরা হয়।
আফতাব উদ্দিন বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে উত্তর-পশ্চিমাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। গতকাল বুধবার রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তবে কাল-পরশুর মধ্যে ঢাকায় ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আরো কমবে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও এর আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। যার ফলে শীতের বাতাস বইছে। এ ছাড়া দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্য এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
অধিদপ্তর জানিয়েছে, দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে এরই মধ্যে তাপমাত্রা কমে ১০-এর ঘরে চলে এসেছে। রংপুর বিভাগের রাজারহাটে সর্বনিম্ন তাপমাত্রা গতকাল ১০ দশমিক ৮। গতকাল বুধবার মধ্যরাতের মধ্যে এই তাপমাত্রা আরও ১ থেকে ২ ডিগ্রি কমে যাবে। তাপমাত্রা কমার পাশাপাশি রাজধানীর পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে কনকনে ঠাণ্ডা বাতাস প্রবাহিত হতে পারে। শুরু হতে পারে মৃদু শৈত্যপ্রবাহ।
গতকাল বুধবার ভোর থেকে দুপুর পর্যন্ত কুয়াশার কারণে সূর্যের দেখা পায়নি রাজধানীবাসী। দুপুরের দিকে সূর্যের অল্প আলো পাওয়া গেলেও আঁচ ছিল খুব সামান্যই, বরং কনকনে ঠাণ্ডা বাতাসের দাপট ছিল বেশি। সকালে অফিসগামীরা ঠাণ্ডায় কষ্ট পান বেশি। সন্ধ্যার পর কিছু কিছু জায়গায় ছিন্নমূল, দরিদ্র মানুষদের আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা যায়। সন্ধ্যার পর ঢাকায় লোকজনের চলাচলও কমে যায়।
এদিকে হঠাৎ শীত বেড়ে যাওয়ায় শীতের কাপড়চোপড়ের কেনাকাটাও বেড়েছে। রাজধানীর বায়তুল মোকাররম, গুলিস্তান, বঙ্গমার্কেট, নিউমার্কেটসহ বিভিন্ন জায়গায় শীতের কাপড় বিক্রির করার দোকানগুলোতে ভিড় লক্ষ্য করা গেছে।
গতকাল যশোর ও রাজশাহীতে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, ঈশ্বরদীতে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, খুলনার চুয়াডাঙ্গায় ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, শ্রীমঙ্গলে ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, বদলগাছীতে ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে বলে জানিয়েছে অধিদপ্তর। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারের টেকনাফে ২৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে উত্তরাঞ্চলে শীত জেঁকে বসেছে। ঘন কুয়াশার সঙ্গে হিমেল হাওয়ায় কাঁপছে জনজীবন। গেল চারদিনে বেড়েছে শীতের তীব্রতা। মাঝ রাত থেকে সকাল ১০টা পর্যন্ত ঘন কুয়াশার সঙ্গে বইছে হিমেল হাওয়া। বৃষ্টির মতো ঝরে শিশির। হঠাৎ করেই শীতের তীব্রতা বাড়ায় গরম কাপড়ের দোকানে ভিড় করছেন শীতার্তরা। তারা বেশি ভিড় করেছেন ফুটপাতের পুরনো কাপড়ের দোকানে। নিজেদের সাধ্যমতো কিনছেন শীতবস্ত্র। এদিকে কুয়াশা বাড়ায় নিতান্তই প্রয়োজন না হলে ঘর থেকে বের হচ্ছেন না কেউ। আর সন্ধ্যা নামতে না নামতেই গুটিয়ে যাচ্ছে হাট বাজার, বন্ধ হয়ে যাচ্ছে গ্রামাঞ্চলের দোকানপাট। সকালে স্কুলগামী শিশু এবং বৃদ্ধদের কষ্ট বেড়েছে দ্বিগুণ। এ সম্পর্কে আমাদের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন
কুড়িগ্রামে মাঝ রাত থেকে সকাল ১০টা পর্যন্ত ঘন কুয়াশার সঙ্গে বইছে হিমেল হাওয়া। বৃষ্টির মতো ঝরে শিশির। দুপুরে ঘণ্টা খানেকের জন্য সূর্যের দেখা মিললেও উত্তাপ কম। ২টার পর আবার হারিয়ে যায় সূর্য। ফলে প্রচণ্ড ঠাণ্ডায় এখন নাকাল কুড়িগ্রামের মানুষ। শীত বাড়ার সঙ্গে সঙ্গে দুর্ভোগে পড়েছেন নদী তীরবর্তী চরাঞ্চল এবং নিম্ন আয়ের শ্রমজীবীরা। শিশু ও বয়স্করাও পড়েছেন দুর্ভোগে। পাশাপাশি গবাদিপশুও রেহাই পাচ্ছে না এ থেকে।
হঠাৎ করেই শীতের তীব্রতা বাড়ায় গরম কাপড়ের দোকানে ভিড় করছেন শীতার্তরা। তারা বেশি ভিড় করেছেন ফুটপাতের পুরনো কাপড়ের দোকানে। নিজেদের সাধ্যমতো কিনছেন শীতবস্ত্র। শ্রমজীবী মানুষেরা জানিয়েছেন, কুয়াশার কারণে এক ঘণ্টা পিছিয়ে যায় কাজ। ফলে তাদের আয় কমেছে।
এদিকে কুয়াশা বাড়ায় নিতান্তই প্রয়োজন না হলে ঘর থেকে বের হচ্ছেন না কেউ। আর সন্ধ্যা নামতে না নামতেই গুটিয়ে যাচ্ছে হাট বাজার, বন্ধ হয়ে যাচ্ছে গ্রামাঞ্চলের দোকানপাট। সকালে স্কুলগামী শিশু এবং বৃদ্ধদের কষ্ট বেড়েছে দ্বিগুণ। সারাদিন সূর্যের দেখা না মেলায় গরম কাপড় জড়িয়েই কাজে যোগ দিতে হচ্ছে সবাইকে।
কুড়িগ্রামে গতকাল বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। জেলা আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র পর্যবেক্ষক জাকির হোসেন জানান, আগামী শুক্রবারের পর তাপমাত্রা আরও কমবে এবং শুরু হবে শৈত্যপ্রবাহ।
এদিকে শীতের কারণে বাড়ছে ঠাণ্ডা জনিত রোগের প্রকোপ। কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শাহিনুর সরদার শিপন জানান, ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে কিছু কিছু রোগী আসছেন। তবে শীতের প্রভাব এখনো তেমন শুরু হয়নি।
জেলা ত্রাণ শাখা থেকে জানানো হয়েছে, ইতোমধ্যে বিভিন্ন উপজেলায় মোট ৫১ হাজার ৫১৪টি কম্বল বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসক সুলতানা পারভীন জানান, শীত মোকাবেলায় তাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে।
পঞ্চগড়ে রাত ও ভোরে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে এলেও দুপুর থেকে বিকেল পর্যন্ত তা গিয়ে দাঁড়ায় ২৬ ডিগ্রি সেলসিয়াসে। এখন বিকেল গড়াতেই এ জেলায় তাপমাত্রা কমতে থাকে। সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত হালকা কুয়াশার সঙ্গে সঙ্গে উত্তরে হিমালয় থেকে ভেসে আসে প্রচণ্ড ঠাণ্ডা বাতাস। রাতে পথঘাটে কুয়াশার জন্য যানবাহন চলতে সমস্যা হয়।
উত্তরের ঠাণ্ডা বাতাসে গা হিম হয়ে আসে। টুপ টুপ করে রাতভর চলে কুয়াশাপাত। লেপ ও কম্বল ছাড়া ঘুমানো যায় না। আবার সকাল ৮টার পর থেকেই কুয়াশা কেটে যায় তবে কোনও কোনও দিন বেলা ১১টার আগে সূর্যের দেখা মেলে না। কিন্তু রাত থেকে সকাল পর্যন্ত অসম্ভব ঠাণ্ডা অনুভূত হয়। শহরের চেয়ে গ্রামাঞ্চলে ঠাণ্ডার প্রকোপ বেশি। এই সময়টিতে নিম্ন আয়ের মানুষদের শীত নিবারণ করতে কষ্ট হয়। অনেকেই রাত কিংবা ভোরে খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা নেন। এছাড়া শীতের প্রকোপ বাড়তে শুরু করায় জেলার হাসপাতালগুলোতে দিন দিন শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে।
এদিকে দরিদ্র শীতার্তদের জন্য প্রথম দফায় প্রায় ২১ হাজার শীতবস্ত্র পঞ্চগড়ের পাঁচটি উপজেলার মাধ্যমে বিতরণের প্রক্রিয়া শুরু করেছে জেলা প্রশাসন। শীতের কারণে চা শ্রমিক, পাথর শ্রমিকসহ বিভিন্ন পেশার শ্রমিকরা ঠিকভাবে কাজে যেতে পারছে না। অভিযোগ উঠেছে, দরিদ্র ও নিম্ন আয়ের শীতার্ত মানুষেরা সরকারি শীতবস্ত্র ঠিকভাবে পাচ্ছেন না। নিম্ন আয়ের খেটে খাওয়া শীতার্ত মানুষ সরকারি শীতবস্ত্র সুষ্ঠুভাবে বিতরণের দাবি জানিয়েছে। বেসরকারিভাবে শীতবস্ত্র বিতরণ খবর পাওয়া যাচ্ছে না।
দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা তোফাজ্জুর রহমান জানান, গতকাল বুধবার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। বিকেল সাড়ে ৪টায় সর্বচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ১৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ। গত মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
সূত্রটি জানায়, ঘন কুয়াশা ও মেঘলা আকাশ দিনব্যাপী থাকার কারণে শীতের তীব্রতা অনুভব করা গেছে। হঠাৎ করেই উত্তরের জনপদ দিনাজপুর জেলায় শীতের প্রকট বেড়ে যাওয়ায় সর্বস্তরের জনসাধারণের মধ্যে শীতের অনুভব জেগে উঠেছে। বৃদ্ধ ও শিশুদের শীতজনিত রোগের প্রভাব বেড়ে গেছে। গতকাল বুধবার সকাল থেকেই সূর্যের আলো দিনব্যাপী দেখা যায় নি। নিম্ন আয়ের মানুষ শীতের কারণে কাজে যেতে পারে নি। ঘন কুয়াশা থাকায় দিনাজপুর থেকে ঢাকা এবং বিভিন্ন জেলা শহরের সঙ্গে যোগাযোগের রাস্তাগুলোতে যানবাহনের চলাচল দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে।
আবহাওয়া সূত্রটি জানায়, আগামী ২০ ডিসেম্বরের পর থেকে তাপমাত্রা আরো নিচে নেমে আশার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা নেমে গেলে এ অঞ্চলে মৃদ শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। আগাম শীতের প্রস্তুতি হিসেবে আবহাওয়ার সর্বশেষ অবস্থান সংশ্লিষ্ট দপ্তরগুলোতে জানিয়ে দেয়া হয়েছে।
দিনাজপুর জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম জানান, শীতের পূর্ব প্রস্তুতি হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ৫১ হাজার ৬০০ এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে ১৫ হাজার ৫২০ পিসসহ মোট ৬৭ হাজার ১২০টি কম্বল বরাদ্দ পাওয়া গেছে। প্রাপ্ত কম্বল গতকাল বুধবার সকাল থেকে জেলার ১৩টি উপজেলার ১০৩টি ইউনিয়ন এবং ৯টি পৌরসভায় ৪৬০ টি করে কম্বল বিতরণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিকট প্রেরণ করা হয়েছে। তিনি জেলার বিত্তবান, ব্যবসায়ীসহ সব মহলকে দরিদ্র ও শীতার্ত জনসাধারণের মধ্যে শীতবস্ত্র বিতরণের জন্য এগিয়ে আসার আহ্বান জানান।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোখলেসুর রহমান জানান, গতকাল বুধবার দুপুর ২টায় ১ লাখ পিস শীতবস্ত্রের চাহিদায় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে ফ্যাক্স বার্তা প্রেরণ করা হয়েছে। প্রেরিত বার্তায় ৫০ হাজার পিস কম্বল, ৩০ হাজার পিস শিশু পোশাক, ১০ হাজার পিস, সোয়েটার জ্যাকেট ও ১০ পিস শাড়ি-লুঙ্গির চাহিদা দেয়া হয়েছে।



