
রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদে জয়ের দাবি বিজেপি ও বিরোধীদের
রূপসী বাংলা ডেস্ক:এনডিএর হরিবংশ বনাম বিরোধীদের হরিপ্রসাদ৷ রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদে শেষ হাসি হাসবে কে? অংকের হিসাবে পাল্লা ভারি এনডিএ শিবিরের৷ তাদের দাবি, রাজ্যসভার দু’নম্বর পদে বসতে চলেছেন জেডি(ইউ)র সাংসদ হরিবংশ৷ হিসেব নিকেষের পর বিজেপি জানিয়েছে, তাদের কাছে ১২৬ জন সাংসদের সমর্থন রয়েছে৷ অপরদিকে বিরোধীদের দাবি, তাদের সমর্থিত প্রার্থী বি কে হরিপ্রসাদই হতে চলেছেন পরবর্তী রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান৷ এক্ষেত্রে তাদের কাছেও সংখ্যাগরিষ্ঠতা আছে বলে দাবি করা হচ্ছে৷
বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দলের নেতা হরিবংশ প্রথমবারের রাজ্যসভায় সাংসদ৷ সেই দিক থেকে কংগ্রেস প্রার্থী ও তিনবারের সাংসদ হরিপ্রসাদের কাছে রাজনৈতিক অভিজ্ঞতায় তুলনামূলক কম৷ তাহলে হরিবংশের জেতার ব্যাপারে অনেক নিশ্চিত গেরুয়া শিবির৷
মোদী-শাহকে এক্ষেত্রে স্বস্তি দিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ও তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রেশখর রাও৷ তাঁরা দু’জনেই সরকার সর্মথিত প্রার্থীকে সমর্থন জানিয়েছেন৷ এছাড়া বিজেপিকে স্বস্তি দিয়েছে তাদের শরিক শিবসেনা৷ সূত্রের খবর, হরিবংশ এনডিএর ৯১ জন সাংসদের সমর্থন পাচ্ছেন৷ এছাড়া, বিজেডির ৯ জন, এডিএমকের ১৩ জন, টিআরএসের ৬ জন, তিন জন মনোনীত, সপা নেতা অমর সিং, ওয়াইএসআরসিপি’র ২ জন সহ অন্যান্য কিছু সাংসদের ভোট মিলিয়ে মোট সমর্থন সংখ্যা হচ্ছে ১২৬৷
ডেপুটি চেয়ারম্যান পদে নির্বাচনে বিরোধীদের ভালোরকম ধাক্কা দিতে চলেছে মোদী-শাহ জুটি৷ কেননা রাজ্যসভার ডেপটি চেয়ারম্যান পদে নির্বাচনে নবীন পট্টনায়েক, চন্দ্রশেখর রাও ও শিবসেনা যেভাবে সরকারের সমর্থনে এগিয়ে এসেছে তাতে এটা প্রমাণিত হয় মোদীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিরোধীদের জোটের যে প্রয়াস করা হচ্ছে তা টিকবে না৷ এমনটাই মনে করছে রাজনৈতিক মহল৷
অন্যদিকে বিরোধীরা সংখ্যাগরিষ্ঠতার দাবি করলেও হিসেব বলছে তারা শেষমেশ ১১০ জন সাংসদের সমর্থন জোগাড় করতে সমর্থ হবে৷ জানা গিয়েছে, হরিপ্রসাদের কাছে কংগ্রেসের ৬১ জন সাংসদ, তৃণমূল ও সপার ১৩ জন, টিডিপর ৬ জন, বামেদের ৫ জন, বিএসপি, ডিএমকের চার জন৷ সব মিলিয়ে বিরোধীদের কাছে ১০৯-১১০ জনের সমর্থন রয়েছে৷ কিন্তু করুণানিধির প্রয়াণের পর ডিএমকের পাঁচ সাংসদের অনুপস্থিতি নিয়ে জল্পনা ছড়িয়েছে রাজধানীতে৷ এছাড়া পিডিপি ও আপ সম্ভবত এই নির্বাচন থেকে দুরে থাকবে৷ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে শুরু হবে নির্বাচন৷ ১ জুলাই রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পি জি ক্যুরিয়ন অবসর নেওয়ার পর পদটি খালি পড়ে রয়েছে৷



