
রাম মন্দির নিয়ে সিদ্ধান্তে আসুক সুপ্রিম কোর্ট: যোগী আদিত্যনাথ
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: শবরীমালা নিয়ে সুপ্রিম কোর্ট তাদের রায় জানিয়েছে৷ এবার রাম মন্দির নিয়েও রায় দিক শীর্ষ আদালত৷ চান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ শনিবার তিনি জানান, রাম মন্দির ইস্যুর সঙ্গে মানুষের বিশ্বাস ও আবেগ জড়িয়ে৷ তাই এই ইস্যুর চূড়ান্ত ফয়সলা করা দরকার৷
ইন্ডিয়া ফাউন্ডেশন আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, ‘‘শবরীমালা মন্দির নিয়ে সুপ্রিম কোর্ট যদি রায় দিতে পারে তাহলে রাম মন্দির ইস্যুরও ফয়সলা করতে পারে৷ আমি আদালতের কাছে আবেদন করব সেটা করার৷’’
বিশেষজ্ঞ মহলের মতে, আগামী লোকসভা নির্বাচনে বিজেপির প্রচারের অন্যতম হাতিয়ার হয়ে উঠতে চলেছে রাম মন্দির৷ রাম মন্দির নির্মাণের জিগির তুলে হিন্দু ভোটগুলিকে একত্রিত করে নিজেদের পকেটে পুড়তে চায় গেরুয়া শিবির৷ যদিও সেই দাবি উড়িয়ে যোগী আদিত্যনাথ জানান, আগামী লোকসভা ভোটের প্রচারে রাম মন্দির বিজেপির প্রচারের ইস্যু নয়৷
অযোধ্যায় রাম মন্দির নির্মাণ নিয়ে বিরোধ দীর্ঘদিনের। ১৯৯২ সালে অযোধ্যায় ধ্বংস করা হয় বাবরি মসজিদ। যা নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়। এরপর থেকেই আরও জোড়াল হয় রাম মন্দিরের আন্দোলন। একই সঙ্গে অযোধ্যার জমি নিয়েও শুরু হয় বিতর্ক। অযোধ্যায় রাম মন্দির নির্মাণ এবং বিতর্কিত জমি নিয়ে মামলা চলছে সুপ্রিম কোর্টে। চলতি মাসের শেষের দিকে দেশের সর্বোচ্চ আদালতে ফের শুনানি শুরু হবে।
অপরদিকে ২৮ সেপ্টেম্বর এক ঐতিহাসিক রায়ে সুপ্রিম কোর্ট শবরীমালা মন্দিরে সববয়সী মহিলাদের প্রবেশাধিকারের অনুমতি দেয়৷ প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ এই রায় দেয়৷



