
রাশিয়ার পক্ষে যুদ্ধ করে প্রাণ হারাল মার্কিন শীর্ষ কর্মকর্তার ছেলে!
রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়েছিলেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর উপপরিচালক জুলিয়ান্নে গালিনা গ্লসের ছেলে মাইকেল গ্লস। অবিশ্বাস্য হলেও সত্য, শুধু যুদ্ধেই অংশ নেননি, শেষ পর্যন্ত প্রাণও হারান তিনি।
শুক্রবার (২৫ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, চলতি মাসের শুরুর দিকে পূর্ব ইউরোপে মারা যান মাইকেল আলেকজান্ডার গ্লস (২১)। স্বাধীন রুশ গণমাধ্যম ‘আই-স্টোরিজ’-এর তদন্তে তার মৃত্যুর তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনটি থেকে জানা যায়, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর এক শীর্ষ কর্মকর্তার ছেলে ইউক্রেনে রুশ সামরিক বাহিনীর হয়ে যুদ্ধ করার সময় নিহত হন। এটি এক ব্যতিক্রমী ঘটনা।
তদন্তকারীরা জানিয়েছেন, কীভাবে যুক্তরাষ্ট্রের মধ্যবিত্ত পরিবারের এক তরুণ—যার মা সিআইএর ডিজিটাল উদ্ভাবন বিভাগের উপপরিচালক—রাশিয়ার পক্ষে যুদ্ধে যুক্ত হয়ে প্রাণ হারালেন, তা রীতিমতো চমকপ্রদ। এদিকে পারিবারিক শোকবার্তায় বলা হয়েছে, ২০২৪ সালের ৪ এপ্রিল ‘পূর্ব ইউরোপে’ মাইকেল গ্লসের মৃত্যু হয়। তার মা, জুলিয়েন গ্যালিনা, এ বছরের ফেব্রুয়ারিতে সিআইএর গুরুত্বপূর্ণ বিভাগে উপপরিচালক হিসেবে নিয়োগ পান। উল্লেখ্য, গ্লসের বাবা-মাও সামরিক বাহিনীতে কাজ করেছেন।
মাইকেল গ্লস সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে ‘বহু মেরুকরণ বিশ্বের সমর্থক’ হিসেবে পরিচয় দিতেন। তার অ্যাকাউন্টে লেখা ছিল, ‘আমি বাড়ি থেকে পালিয়েছি, বিশ্ব ঘুরেছি। ফ্যাসিবাদকে ঘৃণা করি। মাতৃভূমিকে ভালোবাসি।’ তার প্রোফাইলে রাশিয়া ও ফিলিস্তিনের পতাকা ছিল।



