
শাটডাউনের জেরে আমেরিকার অর্থনীতির বৃদ্ধির হার শূন্যতে নামার আশঙ্কা
রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকো সীমান্তে পাঁচিল তুলতে গিয়ে মার্কিন অর্থনীতির বৃদ্ধির হার শূন্য শতাংশে নেমে আসতে পারে৷ কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই বিষয়ে জেদাজেদিতে তেমন কিছু ঘটতে পারে বলে আশংকা দানা বেধেছে৷ এমন আশংকা খোদ হোয়াইট হাউসের আর্থিক উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কেভিন হ্যাসেটেরই।
মার্কিন সংবাদমাধ্যমকে হ্যাসেট জানান, এমন পরিস্থিতি দ্রুত না বদলালে এবং এভাবে পুরো প্রথম ত্রৈমাসিকেই মার্কিন প্রশাসনের কাজকর্মে তালা পড়তে থাকলে (শাটডাউন), তখন তিন মাসের বৃদ্ধি নেমে আসবে শূন্য শতাংশ কিংবা তার আশেপাশে। যদিও সমস্যা মিটলে ফের দ্বিতীয় ত্রৈমাসিকেই তা ৪-৫ শতাংশে পৌঁছতে পারে বলেই তিনি আশাবাদী। তাঁর মতে, এই সমস্যা সাময়িক। তাছাড়া মার্কিন অর্থনীতির ভিতও মজবুত। ফলে ২০২০ সালের মধ্যে ফের মন্দার মেঘ ঘনানোর সম্ভাবনা প্রায় নেই বলেই মনে করছেন তিনি।
প্রসঙ্গত, মেক্সিকো সীমান্তে দেওয়াল তোলার জন্য ট্রাম্প প্রশাসন ৫৭০ কোটি ডলার বাজেট বরাদ্দ চেয়েছিল। যা দেখে ডেমোক্র্যাটরা বেঁকে বসেছে এবং প্রায় এক মাসেরও বেশি বন্ধ আমেরিকার বহু প্রশাসনিক কাজকর্ম। সরকারি কাজকর্ম চালানোর জন্য বাড়তি বরাদ্দও পাশ হয়নি। আবার বেতন পাচ্ছেন না প্রায় ৮ লক্ষ সরকারি কর্মী। এই পরিস্থিতিতে নিরাপত্তা রক্ষীর অভাবে বন্ধ বহু দর্শনীয় স্থান।
মার্কিন বৃদ্ধি এভাবে ধাক্কা খেলে তা ভারতের পক্ষেও সুখবর হবে না কারণ, এ দেশের রফতানির বড় অংশই তো যায় সে দেশে৷ সেক্ষেত্রে ভারতের রফতানি চোট খাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে৷



