
শিশু ধর্ষণ ও হত্যা মামলায় ৮ জনকে মৃত্যুদণ্ড
বাংলাদেশের চট্টগ্রামে শিশু ফাতেমা আক্তার মীম (৯) ধর্ষণ ও হত্যা মামলায় ৮ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪। সোমবার ট্রাইব্যুনালের বিচারক মো. জামিউল হায়দার এই রায় দেন।
এ সময় ৭ আসামী আদালতে উপস্থিত ছিলেন। বাকি একজন পলাতক।
দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মীম হত্যা মামলার সব আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদণ্ডও দেয়া হয়েছে।’
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন— মো. বেলাল হোসেন বিজয় (১৮), মো. রবিউল ইসলাম রুবেল (১৬), মো. হাছিবুল ইসলাম লিটন (২৬), মো. আকসান মিয়া প্রকাশ হাসান (১৮), মো. সুজন (২০), মো. মেহেরাজ প্রকাশ টুটুল (৩২), মনিরুল ইসলাম মনু (৪৯) ও শাহাদাত হোসেন সৈকত (১৯)। শাহাদাত হোসেন সৈকত পলাতক আছেন।
২০১৮ সালের ২১ জানুয়ারি নগরীর আকবর শাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় অবস্থিত ‘আয়শা মমতাজ মহলে’র দ্বিতীয় তলা থেকে মীমের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন রাতে মীমের মা রাবেয়া বেগম বাদী হয়ে ধর্ষণ ও হত্যার মামলা দায়ের করেন।
২৫ জানুয়ারি পুলিশ ওই ভবনের প্রহরীসহ ৬ জনকে গ্রেফতার করে। তারা ধর্ষণের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।❐



