
সপ্তাহের ব্যবধানে বাড়ল পেঁয়াজের দাম, কেজিতে কত?
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি বাজারে সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে পেঁয়াজের দাম। কেজিতে ১০ টাকা বেড়ে বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ টাকায়।
সরবরাহ কমের অজুহাতে নিত্যপ্রয়োজনীয় এ পণ্যের দাম বাড়ায় বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষ। তবে বাজার ঘুরে দেখা গেছে, প্রতিটি দোকানেই পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ রয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) হিলি বাজার ঘুরে দেখা যায়, খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ ৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগেও প্রতি কেজি পেঁয়াজের দাম ছিল ৩৫ টাকা।
সে হিসাবে সপ্তাহের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে ১০ টাকা।
হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা নুরুল ইসলাম বলেন, ‘গত কয়েক দিন ধরে বৈরী আবহাওয়া ও বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের কারণে কৃষকেরা বাজারে পেঁয়াজ কম আনছেন। এতে চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় মোকামে দাম বেড়েছে। গত সপ্তাহে মোকামে প্রতি মণ পেঁয়াজ এক হাজার ৪০০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে এক হাজার ৮০০ টাকায় দাঁড়িয়েছে।
’
তিনি আরো বলেন, ‘জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহন খরচও বেড়েছে। অন্যদিকে মোকামে বেশি দামে পেঁয়াজ কিনতে হচ্ছে। ফলে খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে। আবহাওয়া ভালো হলে কৃষকেরা বাজারে পেঁয়াজ বেশি সরবরাহ করবেন’। তখন সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে দামও কমে আসবে বলে আশা করছেন তিনি।
এদিকে পেঁয়াজের দাম বাড়ায় বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষ। নিত্যপ্রয়োজনীয় এ পণ্যের দাম বাড়তি থাকায় সংসারের খরচ সামলাতে হিমশিম খেতে হচ্ছে তাদের।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, দিনাজপুরের সহকারী পরিচালক বোরহান উদ্দিন বলেন, ‘জেলার বিভিন্ন হাটবাজারে নিয়মিত মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ব্যবসায়ীরা কোন পণ্য কত দামে কিনছেন, তা ক্রয় রসিদের মাধ্যমে যাচাইয়ের পাশাপাশি বিক্রয়মূল্যও পর্যবেক্ষণ করা হচ্ছে। কোনো ব্যবসায়ীর বিরুদ্ধে অতিরিক্ত দামে পণ্য বিক্রি কিংবা কৃত্রিম সংকট তৈরির প্রমাণ পাওয়া গেলে আর্থিক জরিমানা করা হচ্ছে।’



