
সফল নির্বাচন ও আওয়ামী লীগের বিজয়ে প্রধানমন্ত্রীকে চীনের অভিনন্দন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আজ সোমবার (৮ জানুয়ারি) সকালের এ সাক্ষাতে ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে অনুষ্ঠিত হওয়ায় ও আওয়ামী লীগের বিজয়ের জন্য’ প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান এ কূটনীতিক। ঢাকার চীনা দূতাবাসের দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
শেখ হাসিনাকে চীনা নেতাদের উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানান রাষ্ট্রদূত ইয়াও। এসময় বেইজিংয়ের সঙ্গে ঢাকার দীর্ঘদিনের বন্ধুত্বকে এগিয়ে নিতে, পারস্পরিক আস্থা বৃদ্ধি ও সহযোগিতাকে আরো গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি। রাষ্ট্রদূতের মতে, এর ফলে চীন-বাংলাদেশ সহযোগিতামূলক কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায় উন্নীত হবে।
আরো বলেন, উন্নয়ন ও পুনরুজ্জীবনের একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে দুই দেশ। আধুনিকায়নের পথে চীন সব সময় বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত অংশীদার ও নির্ভরযোগ্য বন্ধু হবে।
প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চীন ও বাংলাদেশ পারস্পরিক সম্মান ও উভয়ের স্বার্থ অক্ষুণ্ন রাখে এমন মডেল স্থাপন করেছে বলে জানান তিনি। আরো বলেন, জাতীয় সার্বভৌমত্ব, স্বাধীনতা ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষা ও বাইরের হস্তক্ষেপের বিরোধিতায় বাংলাদেশকে দৃঢ়ভাবে সমর্থন করবে চীন। ঐক্য ও স্থিতিশীলতা বজায় রাখতে এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে আরো সক্রিয় ভূমিকা পালনেও বাংলাদেশকে সহায়তা করবে।
আরো বলেন, ‘ভিশন ২০৪১’ ও ‘সোনার বাংলা’র স্বপ্ন দ্রুত বাস্তবায়নে বাংলাদেশকে সহায়তা করতে চীন প্রতিশ্রুতিবদ্ধ।
‘চীন বাংলাদেশের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা জোরদার করতে প্রস্তুত’ উল্লেখ করে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাণিজ্য বিনিয়োগ সহজীকরণ ও সম্প্রসারণ এবং বেল্ট অ্যান্ড রোডের আওতায় যথাযথ সহায়তা দিতে প্রস্তুত চীন।
‘স্মার্ট বাংলাদেশ’ বাস্তবায়নে সহযোগিতা অব্যাহত করার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন তিনি।



