প্রধান খবরবাংলাদেশ

সমস্যা মিয়ানমার সরকারকে নিয়ে: শেখ হাসিনা

রোহিঙ্গা সমস্যা সমাধানে ভারত ইতিবাচক থাকলেও সমস্যা মিয়ানমার সরকারকে নিয়ে। আজ বুধবার গণভবনে ভারত সফর পরবর্তী সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এমনটা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোহিঙ্গা সমস্যা সমাধানে ভারতের মনোভাবের বিষয়ে জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, যে যতই চাপ দিক, এরা (মিয়ানমার) কোনো ব্যাপারই নেয় না। এরা নিজেদের মধ্যেই দ্বন্দ্ব-সংঘাতে লিপ্ত আছে। এখানেই বড় সমস্যা। কিন্তু ভারত মনে করে রোহিঙ্গা সমস্যার সমাধান হওয়া উচিত।

তিনি আরও বলেন, ভারতও এটা উপলব্ধি করে যে, আমাদের এখানে রোহিঙ্গাদের দীর্ঘদিন অবস্থান করায় সংকট সৃষ্টি করছে। আমাদের প্রাকৃতিক সম্পদ নষ্ট হচ্ছে, পরিবেশ নষ্ট হচ্ছে। সবচেয়ে বড় কথা, নানা ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে। এটা পরিবেশটাকেও নষ্ট করছে। তবু আমরা সাধ্যমতো চেষ্টা করছি।

এর আগে সংবাদ সম্মেলনের শুরুতেই প্রধানমন্ত্রী লিখিত বক্তব্য পড়ে শোনান। এরপর সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন।

গত ৫ সেপ্টেম্বর চার দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরকালে বাংলাদেশ ও ভারতের মধ্যে পানি ব্যবস্থাপনা, রেলপথ, বিজ্ঞান ও প্রযুক্তি, তথ্য ও সম্প্রচার বিষয়ে সাতটি চুক্তি এবং সমঝোতা স্মারক সই হয়। এছাড়া নিরাপত্তা সহযোগিতা, বিনিয়োগ, ক্রমবর্ধমান বাণিজ্য সম্পর্ক, বিদ্যুৎ ও জ্বালানি খাতের সহযোগিতা, অভিন্ন নদীর পানিবণ্টন, পানিসম্পদ ব্যবস্থাপনা, সীমান্ত ব্যবস্থাপনা, মাদক চোরাচালান ও মানবপাচার রোধের বিষয়গুলো গুরুত্ব পায়। সফর শেষে গত বৃহস্পতিবার দেশে ফেরেন প্রধানমন্ত্রী।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension