বাংলাদেশরাজনীতি

সরকারের পদত্যাগ ও নির্বাচন বাতিলের দাবিতে ঢাকায় এবি পার্টির বিক্ষোভ মিছিল

সরকারের পদত্যাগ ও নির্বাচন বাতিলের দাবিতে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে আমার বাংলাদেশ পার্টি ‘এবি পার্টি’। মিছিল শেষে সমাবেশ থেকে সরকারের পদত্যাগ এবং প্রহসনের নির্বাচন বন্ধ করার জোর দাবি করেছেন দলটির নেতারা।

রবিবার বিকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে কাকরাইল, বিজয়নগর, সেগুনবাগিচা, পল্টনসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিজয়-৭১ চত্বরে এসে শেষ হয়।

বিজয় নগরস্থ বিজয়-৭১ চত্বরে মিছিলোত্তর সমাবেশে সভাপতিত্ব করেন এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক বিএম নাজমুল হক। এতে বক্তব্য রাখেন, দলের যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডা. আব্দুল ওহাব মিনার, সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ প্রমুখ।

সমাবেশে প্রফেসর ডা. আব্দুল ওহাব মিনার বলেন, ‘বর্তমান সরকার এতই নির্লজ্জ ও তাদের ভাষা এতই আক্রমণাত্মক যে, বিশ্ববাসীর কাছে আমাদেরকে লজ্জিত হতে হয়। একদলীয় নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটারাধিকার ধ্বংস করে নির্বাচন কমিশন একদিন রাষ্ট্রদ্রোহিতার অপরাধে অপরাধী হবে।’

এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘সরকারের যোগসাজসে নির্বাচন কমিশন আগামী ৭ জানুয়ারি যে নির্বাচন করতে যাচ্ছে সে নির্বাচনের সবকিছুর নিয়ন্ত্রক শেখ হাসিনা। কে কোথায় কোন মার্কায় নির্বাচন করবে, কে জিতবে, কে ডামি প্রার্থী হবে সবই হচ্ছে শেখ হাসিনার হুকুমে। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় প্রহসন মঞ্চস্থ হবে ৭ জানুয়ারি। এই প্রহসনমূলক নাটকে নির্বাচন কমিশনসহ সকল প্রার্থী ও ভোটাররা ডামি অভিনেতা ছাড়া আর কিছু না।’

দলটির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সরকারকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনারা যে সাজানো নির্বাচন করতে চাচ্ছেন জনগণের কাছে তা ধরা পড়ে গেছে। আন্তর্জাতিক মহল বারবার সতর্ক করার পরও আপনারা একপেশে নির্বাচন আয়োজন করার কারণে দেশ বড় ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা আসছে। এর আগে পুলিশের আইজিসহ র্যাব এর উপর নিষেধাজ্ঞা এসেছে এখন সোয়াতের উপর নিষেধাজ্ঞা আসলো। সামনে অর্থনীতিতে ভয়াবহ বিপর্যয় নেমে আসলে জাতি আপনাদেরকে আর রেহাই দেবে না।’

বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন, এবি যুবপার্টির আহবায়ক এবিএম খালিদ হাসান, সিনিয়র সহকারী সদস্য সচিব আব্দুল বাসেত মারজান, সহকারী সদস্য সচিব শাহ্ আব্দুর রহমান, মেহেদী হাসান চৌধুরী পলাশ ও এবি যুব পার্টির সদস্য সচিব শাহাদাত উল্লাহ টুটুলসহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension