
সাংবাদিক কল্যাণ ট্রাস্টে প্রধানমন্ত্রীর ২০ কোটি টাকা অনুদান
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্টঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসুস্থ, দুর্ঘটনায় হতাহত ও অসচ্ছল সাংবাদিকদের সহায়তার জন্য গঠিত বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট তহবিলে আরও ২০ কোটি টাকা অনুদান দিয়েছেন।
সাংবাদিকদের প্রয়োজনে তাদেরকে আর্থিক সহায়তা প্রদানের জন্য বর্তমান সরকার চার বছর আগে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট তহবিল গঠন করে।
প্রধানমন্ত্রী গতকাল বৃহস্পতিবার তাঁর সরকারি বাসভবন গণভবনে এক অনুষ্ঠানে বিএফইউজের মহাসচিব ও রূপসী বাংলার উপদেষ্টা শাবান মাহমুদ সেখানে উপস্থিতিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মোল্লা জালালের হাতে ২০ কোটি টাকার চেকটি হস্তান্তর করেন।
গণভবনের ওই অনুষ্ঠানে বিএফইউজের মহাসচিব ও রূপসী বাংলার উপদেষ্টা শাবান মাহমুদসহ আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, তথ্য সচিব আবদুল মালেক, পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর, বাসসর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক এবং বিএফইউজের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) কামরুন নাহার, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি আবু জাফর সূর্য ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী।

২০১৪ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ কোটি টাকা সিডমানি দিয়ে ট্রাস্ট তহবিল গঠনের উদ্যোগ নিয়েছিলেন। গেল চার বছরে বিভিন্ন বেসরকারি মিডিয়া থেকে তহবিল ১৫ কোটি টাকায় উন্নীত হয়।
গেল ১৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর নিজ কার্যালয়ে দুস্থ সাংবাদিকদের সহায়তা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিক কল্যাণ ট্রাস্টে আরও ২০ কোটি টাকা দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। সেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ‘আমি সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করে দিয়েছি। এই ফান্ডে আমি কিছু টাকা দিয়েছিলাম। পত্রিকার মালিকরা এই ফান্ডে কোনও টাকা দেন নি। মাত্র দুজন টেলিভিশন মালিক ফান্ডে সহায়তা করেন। সেখানে এখন ১৪ কোটি টাকা আছে। আমি আরও ২০ কোটি টাকা দেবো।’

সে সময় সংবাদমাধ্যম মালিকদের কল্যাণ ট্রাস্টে অনুদান দেওয়ার আহ্বানও জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। দৈনিক ইত্তেফাকের মালিক আনোয়ার হোসেন মঞ্জু এবং মাছরাঙা টেলিভিশনের অঞ্জন চৌধুরী ছাড়া আর কোন মালিকপক্ষ প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দেন নি।



