
সাংবাদিক কুলদীপ নায়ার আর নেই
রূপসী বাংলা ডেস্ক: ভারতীয় সাংবাদিক, কলামিস্ট ও লেখক কুলদীপ নায়ার মারা গেছেন। মৃত্যুর আগে তার বয়স হয়েছিল ৯৫ বছর।
২২ আগস্ট, বুধবার রাতে দিল্লি হাসপাতালে কুলদীপ মারা যান।
জীবদ্দশায় ঝানু এ সাংবাদিক যুক্তরাজ্যের ভারতীয় দূতাবাসের হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৯৭ সালে তিনি রাজ্যসভার সদস্য হিসেবে মনোনীত হয়েছিলেন।
নায়ারের মৃত্যুতে শোক জানিয়ে টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি তার টুইটে কুলদীপ নায়ারকে বড় বুদ্ধিজীবী হিসেবে উল্লেখ করেন।
কুলদীপ নায়ারের জন্ম ১৯২৩ সালে, অবিভক্ত পাঞ্জাবের শিয়ালকোটে। তার বাবা ছিলেন চিকিৎসক। কুলদীপ নায়ার আইনে স্নাতক হয়েও সাংবাদিকতায় কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময়ে নিজেকে বহুমাত্রিক পরিচয়ে বিস্তৃত করেন।
পনেরোটি বইয়ের লেখক কুলদীপ নায়ারের শ্রেষ্ট সৃষ্টি হচ্ছে বিয়ন্ড দ্য লাইন, ডিসটেন্ট নেইবারস: এ টেল অব দ্য সাবকন্টিনেন্ট ও ইন্ডিয়া আফটার নেহেরু ইত্যাদি।



