
সাকিবের পাশে থাকতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আহ্বান
রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক: বেশ কিছুদিন ধরেই বাংলাদেশ ক্রিকেটে সমালোচনার কেন্দ্রবিন্দু হয়ে আছেন সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুমতি না নিয়ে গ্রামীণফোনের সঙ্গে চুক্তি করেছেন তিনি। এটা নিয়ে সাকিবের জবাবদিহিতা চেয়েছে বিসিবি। সেই সমস্যা সমাধানের আগেই আরেকটি সমস্যা পড়েছেন এই অলরাউন্ডার। যেই সমস্যা ক্রিকেট খেলা থেকে ১৮ মাসের নিষেধাজ্ঞাও পেতে পারেন তিনি।
দুই বছর আগে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন সাকিব। কিন্তু এই প্রসঙ্গে আইসিসিকে অবগত করেননি। এই জন্য আইসিসির শাস্তির কাঠগড়ায় পড়েছেন এই অলরাউন্ডার। তবে গণমাধ্যমকে সাকিবের পক্ষে থাকার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে সাকিবকে নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন, যেখানে এমন কঠিন সময়ে গণমাধ্যম যেন বিশ্বসেরা অলরাউন্ডারকে নিয়ে বিভ্রান্তিকর কোনো খবর না প্রকাশ করে সে আহ্বান জানিয়েছেন।
বাংলাদেশ জার্নালের পাঠকদের জন্য শাহরিয়ার আলমের ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো, ‘আমি প্রত্যাশা করি বাংলাদেশের সকল মিডিয়া এবং বিদেশি গণমাধ্যমে কাজ করেন এরকম সকল বাংলাদেশি সাকিবের পক্ষে শক্ত হয়ে দাঁড়াবেন।
রাজনীতিবিদদের নিয়ে বিভ্রান্তিকর হেডলাইন করা রেওয়াজে পরিণত হয়েছে। কিন্তু দয়া করে সাকিবের (বা অন্য যে কোন আন্তর্জাতিক সম্মান বয়ে এনেছে এরকম কোন ক্রীড়াবিদের) সাথে এটা করবেন না।
স্বাধীনতা উত্তর বাংলাদেশের সেরা সম্পদের অন্যতম একটির নাম সাকিব আল হাসান, যে আমাদের অনেক কষ্টের মাঝেও আমাদের মুখে হাসি ফুটিয়েছে, আমরা বিশ্বের সেরা সেরা যেসব অলরাউন্ডারদের দেখে বেড়ে উঠেছিলাম তাদের সবার চেয়ে যে সে সেরা তা আমার আপনার বিবেচনায় নয়, বছরের পর বছরের পরিসংখ্যান এবং আইসিসিই তা বলেছে। আর এটাকে অন্য কিছুর সাথে অযথা জড়াবেন না।
আইসিসির নিয়ম আছে, যা বিসিবি দেখবে কিন্তু নাগরিক হিসেবে সাকিবের পাশে সবাইকে দাঁড়াতেই হবে।’



