
সোশ্যাল মিডিয়ায় ব্রিটনিকে নিয়ে গুজব
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা ষড়যন্ত্রতত্ত্ব ও গুজবের ভিড়ে এবার আলোচনায় এসেছে মার্কিন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্সকে ঘিরে একটি অদ্ভুত দাবি। অনলাইনের কিছু মহলে প্রচার করা হচ্ছে, ব্রিটনি স্পিয়ার্স আর জীবিত নন; বর্তমানে যাকে দেখা যায় তিনি নাকি একজন ‘ক্লোন’। এ ধরনের জল্পনাকে সরাসরি উড়িয়ে দিয়েছেন ব্রিটনির ছেলে জেইডেন জেমস ফেডারলাইন।
সম্প্রতি এক লাইভস্ট্রিমে ১৯ বছর বয়সি জেইডেন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এমন একটি ভিডিও দেখেছেন, যেখানে প্রশ্ন তোলা হয়েছে, ‘ব্রিটনি স্পিয়ার্স কি এখনো জীবিত?’ ভিডিওটি লাখো মানুষের সমর্থনও পেয়েছে। বিষয়টি দেখে বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, মানুষ চাইলে ব্রিটনির নিজস্ব সামাজিক মাধ্যমের পেজে গিয়েই তার সাম্প্রতিক উপস্থিতি দেখতে পারে।
জেইডেনের মতে, ইন্টারনেটে অনেক সময় ভিত্তিহীন তথ্য দ্রুত ছড়িয়ে পড়ে, কারণ মানুষ যাচাই না করেই তা বিশ্বাস করে ফেলে। তিনি বলেন, ‘অনেকেই জানে যে মানুষ সহজে প্রভাবিত হয়। তাই তারা এমন বিষয় ছড়ায়, যা দ্রুত মানুষের দৃষ্টি আকর্ষণ করে। কেউ যখন দেখে কোনো পোস্টে বিপুল লাইক বা প্রতিক্রিয়া রয়েছে, তখন সেটি সত্য কি না যাচাই না করেই বিশ্বাস করতে শুরু করে।’
ব্রিটনি স্পিয়ার্স দীর্ঘদিন ধরেই ব্যক্তিগত জীবন, পারিবারিক সম্পর্ক এবং ক্যারিয়ার নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। বিশেষ করে দুই ছেলে জেইডেন জেমস ও শন প্রেস্টন ফেডারলাইনের সঙ্গে তার সম্পর্ক নিয়ে নানা সময়ে সংবাদ প্রকাশ হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে মা-ছেলের সম্পর্কের উন্নতির খবরও সামনে এসেছে।
গত বছর জেইডেনের সঙ্গে পুনর্মিলনের অভিজ্ঞতা শেয়ার করে ব্রিটনি আবেগঘন মন্তব্য করেছিলেন। তিনি লিখেছিলেন, ছেলে এখন আগের চেয়ে অনেক বেশি পরিণত ও আত্মবিশ্বাসী। তার প্রতিভা ও ব্যক্তিত্ব নিয়ে গর্ব প্রকাশ করে ব্রিটনি জানান, ছেলেকে দেখে তিনি গভীরভাবে আবেগাপ্লুত হন।
এদিকে ব্রিটনির সাবেক স্বামী স্যাম আসগারিও মা-ছেলের এ পুনর্মিলনে সন্তোষ প্রকাশ করেছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, পরিবারের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন সবসময়ই ইতিবাচক বিষয়। ব্রিটনির জন্য তিনি শুভকামনা জানিয়ে বলেন, তার দুই ছেলে অত্যন্ত মেধাবী ও চমৎকার মানুষ।



