
‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সবার আগে বাংলাদেশে মুক্তি পাচ্ছে
মার্ভেল ভক্তদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও বড় পর্দায় ফিরছে স্পাইডার-ম্যান। বহুল প্রতীক্ষিত ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ আন্তর্জাতিকভাবে মুক্তি পাচ্ছে ৩১ জুলাই। তবে সুখবর হলো, বিশ্বের অনেক দেশের আগেই সিনেমাটি দেখার সুযোগ পাবেন বাংলাদেশের দর্শকরা। যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক মুক্তির এক দিন আগে তথা ৩০ জুলাই দেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে সিনেমাটি।
মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের (এমসিইউ) ৩৮তম এবং টম হল্যান্ড অভিনীত স্পাইডার-ম্যান সিরিজের চতুর্থ কিস্তি এটি। সিনেমাটি পরিচালনা করেছেন ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন। আগের মতোই পিটার পার্কার ও স্পাইডার-ম্যান চরিত্রে অভিনয় করেছেন টম হল্যান্ড, আর এমজে চরিত্রে ফিরেছেন জেন্ডায়া। পাশাপাশি ফিরে এসেছেন জ্যাকব ব্যাটালন ও মার্ক রাফেলো।
তবে শুধু পুরোনো মুখ নয়, নতুন কয়েকটি চরিত্রও যুক্ত হয়েছে এই কিস্তিতে। ‘আসোকা’খ্যাত ইমান এসফান্ডি অভিনয় করেছেন এমজের নতুন প্রেমিকের চরিত্রে। অন্যদিকে ‘স্ট্রেঞ্জার থিংস’ তারকা সেডি সিঙ্ককে দেখা যাবে এক রহস্যময় চরিত্রে। আর মার্ভেল ভক্তদের সবচেয়ে বড় চমক হিসেবে বড় পর্দায় ফিরছেন জন বার্নথাল। তিনি আবারও অভিনয় করেছেন জনপ্রিয় চরিত্র ফ্র্যাঙ্ক ক্যাসেল, অর্থাৎ দ্য পানিশার হিসেবে।
গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর পরের সময়। ডক্টর স্ট্রেঞ্জের জাদুর ফলে পুরো বিশ্ব পিটার পার্কারকে ভুলে গেছে। এখন সে একাই নিউইয়র্ক শহরকে রক্ষা করছে, কিন্তু পরিচয়হীন এই জীবনে একাকীত্ব, মানসিক চাপ এবং নতুন এক শক্তিশালী শত্রুর মুখোমুখি হতে হয় তাকে। একই সঙ্গে তার অতিমানবীয় ক্ষমতাতেও দেখা দেয় নতুন ও অপ্রত্যাশিত পরিবর্তন।
নির্মাতাদের দাবি, আগের যেকোনো সময়ের তুলনায় এবার আরও পরিণত, দায়িত্বশীল ও আত্মবিশ্বাসী স্পাইডার-ম্যানকে দেখতে পাবেন দর্শক। তাই শুধু অ্যাকশন নয়, চরিত্রের মানসিক যাত্রাও এই সিনেমার অন্যতম আকর্ষণ।
প্রযুক্তিগত দিক থেকেও সিনেমাটি বিশেষ গুরুত্ব বহন করছে। ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ বিশ্বের প্রথম চলচ্চিত্র, যা সম্পূর্ণভাবে ‘শট ফর স্ক্রিনএক্স’ প্রযুক্তির জন্য নির্মিত হয়েছে। এই প্রযুক্তিতে মূল পর্দার পাশাপাশি সিনেমা হলের দুই পাশের দেয়ালেও দৃশ্য সম্প্রসারিত হয়। ফলে দর্শকরা ২৭০ ডিগ্রি প্যানোরামিক ভিউতে সিনেমা উপভোগ করতে পারবেন, যা প্রচলিত সিনেমা দেখার অভিজ্ঞতাকে আরও বাস্তব ও নিমগ্ন করে তুলবে।
মুক্তির আগেই সিনেমাটি ঘিরে বিশ্বজুড়ে তৈরি হয়েছে তুমুল উন্মাদনা। ট্রেলার প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। মুক্তির প্রথম ২৪ ঘণ্টায় ট্রেলারটি ৭১ কোটি ৮৬ লাখের বেশি ভিউ পেয়ে নতুন রেকর্ড গড়ে। একই সঙ্গে অগ্রিম টিকিট বিক্রিও চলছে দারুণ গতিতে।
সব মিলিয়ে বক্স অফিস বিশ্লেষকদের ধারণা, ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ শুধু বছরের অন্যতম প্রতীক্ষিত সিনেমাই নয়, মুক্তির পর বক্স অফিসেও বড় সাফল্য পেতে যাচ্ছে। বাংলাদেশের দর্শকরাও আন্তর্জাতিক মুক্তির আগেই সিনেমাটি উপভোগ করার সুযোগ পাচ্ছেন, যা মার্ভেল ভক্তদের জন্য নিঃসন্দেহে বাড়তি আনন্দের খবর।



