
হাতীবান্ধা উপজেলা প্রতিবাদ সমাবেশ
রূপসী বাংলা ডট ইউএস ডেস্ক:প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রানলায় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোতাহার হোসেন এমপি ও তার পরিবারের বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে সমাবেশ করেছে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলা আ’লীগ।
স্থানীয় আওয়ামীলীগের আয়োজনে সোমবার সন্ধ্যায় হাতীবান্ধা উপজেলা ডাকবাংলো মাঠে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিবাদ সমাবেশে উপজেলা আ’লীগ সভাপতি বদিউজ্জামান ভেলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মোতাহার হোসেন এমপি।
এ সময় আরও বক্তব্য রাখেন, হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, হাতীবান্ধা আলিমুদ্দিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ সরওয়ার হায়াত খান, আ’লীগের সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক শ্যামল, গড্ডিমারী ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান, সিন্দুর্না চেয়ারম্যান নূরল আমিন, সিংগীমারী চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু প্রমুখ।
এ সময় বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক নঈম নিজামের কুশপুত্তলিকা দাহ করা হয়।
প্রসঙ্গত, ২১ জানুয়ারী বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রথম পাতায় ‘লালমনিরহাটে মোতাহার সাম্রাজ্য ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়।প্রকাশিত উক্ত সংবাদটিকে মিথ্যা,ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত দাবী করে কয়েক দিন ধরে বিভিন্ন কর্মসুচী পালন করে আসছে স্থানীয় আওয়ামীলীগ।



