
আজ ১৩ নভেম্বর, নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিন। সাহিত্যের প্রায় সব শাখাতে ছিল তার সাবলীল বিচরণ। ছোটগল্প, উপন্যাস, নাটক ও প্রবন্ধ তথা সব ক্ষেত্রেই তার লেখনি বাংলা সাহিত্যে ভিন্নমাত্রা এনেছিল। এজন্যই বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় সাহিত্যিক বলা হয় তাকে। বাংলাদেশের শোবিজেরও একজন অগ্রগামী দিশারীও ছিলেন তিনি। নাটক, চলচ্চিত্র রচনা ও পরিচালনায় তিনি দেশে আলাদা একটি ধারার প্রচলন করেছিলেন।
এই কথাসাহিত্যিক ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোণার কেন্দুয়া উপজেলার কুত্বুপুরে জন্মগ্রহণ করেন। সে হিসেবে আজ তার ৭৫তম জন্মদিন। তার বাবার নাম ফয়জুর রহমান আহমদ এবং মায়ের নাম আয়েশা আখতার খাতুন।
হুমায়ূন আহমেদের প্রথম উপন্যাস ‘নন্দিত নরকে’ প্রকাশ হয় ১৯৭২ সালে। এরপর তার তিনশতাধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে। ‘আগুনের পরশমণি’ ছবিটি পরিচালনার মধ্য দিয়ে ১৯৯৪ সালে চলচ্চিত্র নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। এরপর একে একে নির্মাণ করেন জনপ্রিয় চলচ্চিত্র- ‘শ্রাবণ মেঘের দিন’ (২০০০) ও ‘দুই দুয়ারী’ (২০০১) ‘চন্দ্রকথা’ (২০০৩), ‘শ্যামল ছায়া’ (২০০৪), ‘৯ নম্বর বিপদ সংকেত’ (২০০৬) ‘আমার আছে জল’ (২০০৮) ও ‘ঘেটুপুত্র কমলা’ (২০১২)।
তিনি বিশেষ করে সাহিত্যে গভীর প্রভাব ফেলেছেন। বিশেষ করে তার সৃষ্টি হিমু ও মিসির আলী চরিত্রে আজও বুদ হয়ে আছে পাঠক। তার হাত ধরে শোবিজেও অনেক অভিনয় ও সঙ্গীতশিল্পী প্রতিষ্ঠিত হয়েছেন।
২০১২ সালের ১৯ জুলাই হুমায়ূন আহমেদ ক্যানসার আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে যান। ২৪ জুলাই নন্দিত এই লেখকের প্রিয় জায়গা নুহাশ পল্লীতে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
হুমায়ূন আহমেদ কাজের স্বীকৃতিস্বরূপ একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বিভিন্ন পুরস্কার ও সম্মাননা পেয়েছেন।
নুহাশপল্লীতে জন্মদিনে নানা আয়োজন : এ নন্দিত কথাসাহিত্যিকের জন্মদিন উপলক্ষ্যে নানা কর্মসূচির মাধ্যমে গাজীপুরের পিরুজালীতে তার হাতে গড়া প্রিয় নুহাশপল্লীতে জন্মদিন উদযাপন করা হবে। জানা গেছে, লেখকের জন্মদিন উপলক্ষে নুহাশপল্লীর উদ্যোগে সকালে কেক কাটা ও রাতে এক হাজার চুয়াত্তরটি মোমবাতি প্রজ্জ্বলন করা হবে।
শনিবার, ১২ নভেম্বর রাত থেকেই হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন, ছেলে নিষাদ ও নিনিতকে নিয়ে নুহাশপল্লীতে অবস্থান করছেন। আজ রোববার সকাল ১১টায় তারা হুমায়ূন আহমেদের কবরে পুষ্পস্তবক অর্পণ করবেন তারা। কবরের পাশে দোয়া ও ফাতেহা পাঠ করবেন তারা। এরপর নুহাশপল্লীর হোয়াইট হাউসের সামনে কাটা হবে জন্মদিনের কেক।



