
১১ সেপ্টেম্বরেই শপথ শপথ নেবে তালেবান
আগামীকাল ১১ সেপ্টেম্বর, শনিবার। আফগানিস্তানে তালেবানের নতুন সরকার শপথ নিতে যাচ্ছে। কাবুল দখলের ২২ দিন পর তালেবান অন্তর্র্বর্তী সরকারের ঘোষণা দেয়। শপথ অনুষ্ঠানে চীন ও ইরানসহ ছয় দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। তালেবান বলেছে, ইসরাইল ছাড়া বিশ্বের সব দেশের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চায়। এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তালেবান সরকার প্রতিশ্রুতি পূরণ করলে ওয়াশিংটন তাদের সঙ্গে কাজ চালিয়ে যেতে পারে। খবর বিবিসি, রয়টার্স, স্পুৎনিক ও আলজাজিরা।
উল্লেখ্য, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্কের বিশ্ববাণিজ্য কেন্দ্রের টুইন টাওয়ারে যাত্রীবাহী বিমান নিয়ে হামলা চালায় একদল সন্ত্রাসী। ওই ঘটনায় কয়েক হাজার নিরীহ মানুষ প্রাণ হারান। এ ঘটনার জন্য মার্কিন সরকার জঙ্গিগোষ্ঠী আল কায়েদাকে দায়ী করে গোষ্ঠীর নেতা বিন লাদেনকে আমেরিকার হাতে তুলে দেওয়ার জন্য তৎকালীন তালেবান সরকারের প্রতি আহ্বান জানায়।
কিন্তু তালেবান নেতৃত্ব তখন ঘোষণা করে-তারা বিন লাদেনকে আশ্রয় দিয়েছেন বলে কিছুতেই আমেরিকার হাতে তাকে তুলে দেবেন না। এরপর ২০০১ সালের ৭ অক্টোবর আফগানিস্তানে হামলা চালিয়ে কয়েক দিনের মধ্যে দেশটি দখল করে নেয় আমেরিকা। পতন ঘটে তালেবান সরকারের। ওই ঘটনার ২০ বছর পর চলতি বছর ৩১ আগস্ট আফগানিস্তান থেকে সমূলে আমেরিকা উৎখাত হয়।
এর আগে ১৫ আগস্ট কাবুল দখলের মধ্য দিয়ে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান। এর মধ্য দিয়ে দীর্ঘ ২০ বছর পর দেশটির নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান।
তালেবানের একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, শপথগ্রহণ অনুষ্ঠানে রাশিয়া, চীন, কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইরানকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে যেসব দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে সেসব দেশের পক্ষ থেকে এ সম্পর্কে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। তালেবানের একজন সিনিয়র সদস্য জানান, নতুন অন্তর্বর্তী সরকারের শপথগ্রহণের জন্য শনিবার দিন ধার্য করা হয়েছে।



