যুক্তরাষ্ট্র

২০২০ সালের মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছে চীন: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে চীনের হস্তক্ষেপের অভিযোগ তুলে একগুচ্ছ গোয়েন্দা নথি অবমুক্ত করেছেন। তবে তার এই দাবি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর আগের মূল্যায়নের সঙ্গে সাংঘর্ষিক। ওই মূল্যায়নে নির্বাচনের ফলাফলে চীনের প্রভাব বা প্রযুক্তিগত হস্তক্ষেপের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

ট্রাম্পের দাবি, অবমুক্ত নথিতে যুক্তরাষ্ট্রের নির্বাচনী অবকাঠামোর গুরুতর দুর্বলতার চিত্র উঠে এসেছে। তার অভিযোগ, চীন অবৈধভাবে প্রায় ২২ কোটি মার্কিন ভোটারের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছে। এসব তথ্যের মধ্যে ভোটারদের নাম, ঠিকানা এবং ভোটার নিবন্ধনের তথ্যও রয়েছে।

এছাড়া ট্রাম্প অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সম্প্রদায়ের কিছু সদস্য ইচ্ছাকৃতভাবে চীনের কর্মকাণ্ডসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন।

তবে ২০২১ সালে প্রকাশিত মার্কিন গোয়েন্দা সম্প্রদায়ের মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটার নিবন্ধন, ব্যালট, ভোট গণনা বা নির্বাচনের ফলাফল পরিবর্তনের উদ্দেশ্যে কোনো বিদেশি শক্তি প্রযুক্তিগতভাবে হস্তক্ষেপ করেছে বা তাতে সফল হয়েছে-এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।

ওই মূল্যায়নটি ট্রাম্প প্রশাসনের তৎকালীন জাতীয় গোয়েন্দা পরিচালক জন র‍্যাটক্লিফের নেতৃত্বে প্রস্তুত করা হয়েছিল। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ)-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

তবে একই প্রতিবেদনে উল্লেখ করা হয়, অন্তত ২০০৮ সাল থেকে চীন যুক্তরাষ্ট্রের ভোটার, জনমত, রাজনৈতিক দল, প্রার্থী এবং শীর্ষ সরকারি কর্মকর্তাদের বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা করে আসছে। বিশ্লেষকদের মতে, এসব তথ্য নির্বাচনের ফলাফল বিশ্লেষণ ও পূর্বাভাস দেওয়ার উদ্দেশ্যে সংগ্রহ করা হয়ে থাকতে পারে।

এ বিষয়ে সংশ্লিষ্ট দুটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, চীনের হাতে থাকা ভোটারদের তথ্য গোপনীয় ছিল না। যুক্তরাষ্ট্রে রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠানগুলো নিয়মিতই এ ধরনের ভোটার তালিকা কিনে থাকে। ফলে এসব তথ্য ব্যবহার করে নির্বাচনের ফলাফল পরিবর্তন করা সম্ভব নয় বলে তারা মনে করেন।

রয়টার্সের খবরে আরও বলা হয়েছে, ট্রাম্পের ভাষণের আগে হোয়াইট হাউসের কয়েকজন কর্মকর্তা আশঙ্কা প্রকাশ করেছিলেন যে, চীন-সংক্রান্ত এসব তথ্য প্রকাশ জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।

অন্যদিকে ট্রাম্পের অভিযোগ প্রত্যাখ্যান করেছে চীন। ওয়াশিংটনে চীনা দূতাবাসের মুখপাত্র লিউ চ্যাং বলেছেন, চীন কখনোই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করেনি এবং ভবিষ্যতেও এমন কোনো পদক্ষেপ নেবে না।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension