প্রধান খবরবাংলাদেশ

২৪ ঘণ্টায় হাসপাতালে ১১শ’ ডেঙ্গু রোগী

রূপসী বাংলা নিউজ ডেস্ক: প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। দেখতে দেখতে প্রায় মহামারির রূপ নিয়েছে ডেঙ্গুজ্বর। হাসপাতালগুলো ডেঙ্গু রোগী নিয়ে হিমশিম অবস্থায়। ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যাও প্রতিদিনই নতুন রেকর্ড গড়ছে।

গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ৯৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব তুলে ধরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে, এই সময়ে সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯৬ জন। এর মধ্যে কেবল ঢাকাতেই হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৮৫৬। আর ঢাকা শহর বাদে ঢাকা বিভাগীয় এলাকায় রোগীর সংখ্যা ৩৯ জন।

সারাদেশের ডেঙ্গু রোগীর তথ্য তুলে ধরে অধিদপ্তর জানায়, চট্টগ্রাম বিভাগে ১০১ জন, খুলনা বিভাগে ১৭ জন, রংপুর বিভাগে ১৯ জন, রাজশাহী বিভাগে ৪২ জন, বরিশাল বিভাগে ছয় জন ও সিলেট বিভাগে ১৬ জন ডেঙ্গু রোগী রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত সময়ের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি জানুয়ারি থেকে শুরু করে সোমবার সকাল ৮টা পর্যন্ত সারাদেশে ১৩ হাজার ৬৩৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৩ হাজার ৮৪৭ জন। আর হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন ৯ হাজার ৭৮২ জন ডেঙ্গু রোগী।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, স্বাস্থ্য অধিদপ্তর থেকে আগাম সর্তকতার কথা বলা হলেও সিটি করপোরেশনসহ অন্যান্য সংস্থাগুলো এসব আমলে নেয়নি। যে কারণে এবার ডেঙ্গু পরিস্থিতিও প্রায় মহামারী আকার ধারণ করেছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension