
ভিয়েতনামে গিয়ে মুখ খুললেন বাইডেন
ভিয়েতনামে গিয়ে মুখ খুললেন বাইডেন
by আন্তর্জাতিক ডেস্কPublished: 11 September 2023Last Updated: 11 September 2023
ভারতের রাজধানী নয়াদিল্লিতে জি-২০ সম্মেলনে যোগ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা হলেও সাংবাদিকদের সামনে মুখ খুলেননি। পরে ভিয়েতনামে গিয়ে তিনি বললেন, মানবাধিকার ও সংবাদমাধ্যমে স্বাধীনতার মতো বিষয়গুলো নিয়ে মোদির সঙ্গে তার কথা হয়েছে। খবর হিন্দুস্তানটাইমস।
গত শুক্রবার দিল্লিতে পৌঁছে জি-২০ সম্মেলন শুরুর আগেই নরেন্দ্র মোদির বাসভবনে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছিলেন দুই নেতা। সাধারণত এ ধরনের বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলন হয়। উপস্থিত সাংবাদিকরা নানা বিষয়ে প্রশ্ন করেন। নরেন্দ্র মোদি কিছুদিন আগে যুক্তরাষ্ট্র সফরে গেলে তখনও এ রীতি পালন করা হয়েছিল। কিন্তু বাইডেনের ভারত সফরকালে সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বের সুযোগ রাখা হয়নি। সফররত মার্কিন সাংবাদিকদের এ বিষয়টি আগেই জানিয়ে দেওয়া হয়েছিল।
বাইডেনকে একা কোনো সংবাদ সম্মেলন করতেও দেওয়া হয়নি। পরে হোয়াইট হাউসের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানিয়ে দেওয়া হয়, ভিয়েতনাম পৌঁছে সংবাদ সম্মেলন করবেন বাইডেন। গতকাল রোববার দেশটিতে পৌঁছার পর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানেই তিনি ভারত সফর তথা মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক নিয়ে কথা বলেন।



