
বিএনপিকে ঐক্যবদ্ধ থাকতে বললেন আমীর খসরু
রূপসী বাংলা ডেস্ক:বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের অবস্থা হচ্ছে- দেশের জনগণ একদিকে আর রাষ্ট্রীয় সন্ত্রাস একদিকে। যারা রাষ্ট্রীয় সন্ত্রাসের দিকে যাবে, তারা চিহ্নিত হবে। যারা জনগণের পক্ষে যাবে তাদের সমর্থন জনগণের পক্ষে থাকবে। এই মুহূর্তে আমাদেরকে দলের মধ্য একতাবদ্ধ থাকতে হবে। নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে।
রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক প্রতিবাদী সমাবেশে তিনি এসব কথা বলেন।
‘বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে’ বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোট এ সমাবেশের আয়োজন করে।
আমীর খসরু বলেন, ‘জাতি নিবিড়ভাবে প্রত্যক্ষ করছে এবং পর্যবেক্ষণ করছে কোন রাজনীতিবিদ জনগণের পক্ষে যাচ্ছে এবং কোন রাজনীতিবিদ অথবা দল জনগণের বিপক্ষে যাচ্ছে।’
তিনি বলেন, ‘গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য গণতন্ত্রের মাকে মুক্ত করতে হবে। উনাকে মুক্ত করেই বাংলাদেশের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে।’
আমীর খসরু বলেন, আজকে জাতি ঐক্যবদ্ধ। বাংলাদেশের নাগরিক ঐক্যবদ্ধ। এখন রাজনীতিবিদদের সিদ্ধান্ত নিতে হবে তারা ঐক্যবদ্ধ হতে পারবে কি পারবে না। তারা জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবে কি পারবে না। যেসব রাজনীতিবিদ জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হবে, তাদের রাজনীতি থেকে বিদায় নিতে হবে।’
তিনি বলেন, ‘জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনের সংগ্রামে গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য আমাদের একত্রিত হতে হবে। যারা গণতন্ত্রের শত্রু, তারা এর বাইরে থাকবে। যারা গণতন্ত্রের বন্ধু, তারা এ ঐক্যের মধ্যে আসবে।’
সিটি নির্বাচনে বিএনপির অংশ গ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের অনেকেই বলেন, আপনারা জেনে-শুনে কেন এই সমস্ত নির্বাচন করছেন? এই প্রহসনের অংশীদার কেন হচ্ছেন? আমরা বলেছি, আমরা এজন্য হচ্ছি যে, তাদের (সরকার) মুখোশ উন্মোচন করার জন্য আমরা নির্বাচন করছি। তাদের মুখোশ বার বার উন্মোচনের জন্য আমরা বারবার নির্বাচন করছি।’
তিনি বলেন, ‘সিলেট, রাজশাহী এবং বরিশালের মানুষ প্রতিনিয়ত সরকারের নির্লজ্জপনা প্রত্যক্ষ করছে। সাংবাদিকরা দেখেও তা প্রচার করতে পারছে না।’
বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উপদেষ্টা মো. সালমান ওমর রুবেলের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ড. সুকমল বড়ুয়া, বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরীন সুলতানা, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ।



