
পোল্যান্ডের কাছে প্রায় ১০০ অ্যাপাচি হেলিকপ্টার বিক্রি করছে
যুক্তরাষ্ট্রের থেকে ৯৬টি অ্যাপাচি হেলিকপ্টার কিনতে যাচ্ছে পোল্যান্ড। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান মঙ্গলবার এ কথা জানিয়েছেন। আপাতত ঋণে হেলিকপ্টারগুলো পাবে পোল্যান্ড। এ জন্য দেশটির ব্যয় হবে দুই বিলিয়ন ডলার। এ খবর দিয়েছে স্পুটনিক।
এর আগে যুক্তরাষ্ট্র সফরে যান পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক ও প্রেসিডেন্ট আন্দ্রেই দুদা। ন্যাটোতে পোল্যান্ডের যুক্ত হওয়ার ২৫ বছর পূর্তি উপলক্ষে এই সফরের আয়োজন করা হয়। এই সফরেই বড় এই সামরিক চুক্তি সম্পন্ন হলো। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধে সকল পশ্চিমা দেশই বড় অস্ত্র সহায়তার মাধ্যমে যুক্ত হয়েছে। পোল্যান্ডও ইউক্রেনকে ৩ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের অস্ত্র সরবরাহ করেছে।
তবে ইউক্রেনকে অস্ত্র দিয়ে পোল্যান্ড নিজেই অস্ত্রশূন্য হয়ে পড়ছে। ফলে দ্রুত অস্ত্র আমদানির মাধ্যমে চাহিদা পূরণের চেষ্টা করছে দেশটি।
এ জন্য যুক্তরাষ্ট্রের পাশাপাশি দক্ষিণ কোরিয়া থেকেও আমদানি করছে তারা। পোল্যান্ড এখন পর্যন্ত ইউক্রেনকে যেসব সহায়তা পাঠিয়েছে তার মধ্যে রয়েছে- ১৪টি মিগ-২৯ যুদ্ধবিমান, এক ডজন মি-২৪ যুদ্ধ হেলিকপ্টার, ৩০০ টি-৭২ ট্যাংক, ১৪২ বিএমপি-১ এবং সোভিয়েত আমলে তৈরি কিছু হাওয়াইটজার।



