মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: হোয়াইট হাউস দখলে মরিয়া ট্রাম্প, কৌশলী বাইডেন
চলতি বছরের নভেম্বরে হতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে চলছে ব্যাপক প্রচার। এরই মধ্যে হোয়াইট হাউস দখলে জমে উঠেছে বাইডেন-ট্রাম্পের লড়াই। ট্রাম্পের আক্রমণাত্মক বক্তব্যকে পুঁজি করে এগোতে চান বাইডেন। আর ট্রাম্পকে গণতন্ত্রের জন্য হুমকি দাবি করে ট্রাম্প ঠেকাও প্রচারে মাঠে নামছেন বাইডেন সমর্থকরা। অন্যদিকে ট্রাম্প প্রচার শিবিরের পক্ষ থেকে বলা হচ্ছে, ট্রাম্প জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন। খবর এএফপির।
যুক্তরাষ্ট্রের অন্যতম ধনী ব্যবসায়িক পরিবারে জন্ম ডোনাল্ড ট্রাম্পের। বিত্ত-বৈভব আর ঐশ্বর্যের মধ্যে থেকে বড় হয়ে পিতার ব্যবসার হাল ধরেন। পরবর্তীতে তুমুল জনপ্রিয় হয়ে ওঠেন ব্যবসায়ী ও টিভি সেলিব্রেটি হিসেবে। এক সময় নাম লেখান রাজনীতিতে। আর এসেই রাজনীতির মাঠ দাপিয়ে আসীন হন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের সর্বোচ্চ পদে। বিদ্বেষ আর আক্রমণাত্মক কথা বলে বেশ দাপটের সঙ্গে ২০১৬ সালে প্রথমবার মার্কিন প্রেসিডেন্ট হলেও, ওই আচরণই তাকে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় যেতে দেয়নি।
তবে বদলাননি ট্রাম্প, ২০২৪ সালের আসন্ন নির্বাচনেও কাউকে পরোয়া না করার নিজের পুরনো স্বভাব আর আক্রমণাত্মক কথা চালু রেখেছেন তিনি। আর নির্বাচনী কৌশল হিসেবে এবারও ট্রাম্পের এই আচরণেরই সুযোগ নিচ্ছে বিরোধী শিবির। প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের দল ট্রাম্পের এ ধরনের বক্তব্যকে গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে তুলে ধরছে মার্কিনিদের কাছে। সম্প্রতি ট্রাম্পের শেয়ার করা এক ভিডিওতে ট্রাকের পেছনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে বেঁধে রাখার ছবির বিষয়টি নিয়ে ডেমোক্র্যাটদের মধ্যে সৃষ্টি হয়েছে তীব্র ক্ষোভ।
এদিকে সমর্থকদের কাছে খুদে বার্তা পাঠিয়ে তাদের বোকা বানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ট্রাম্প তার সমর্থকদের উদ্দেশে একটি লিখিত বার্তা পাঠান। সেখানে ঘোষণা করেন, প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার স্থগিত করেছেন তিনি। তবে পরবর্তীতে জানা যায়, এপ্রিল ফুল দিবসে তিনি তার সমর্থকদের বোকা বানিয়েছেন।



