
রাজধানীতে বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহীর মৃত্যু, বাসে আগুন
রূপসী বাংলা ডেস্ক:রাজধানীর মগবাজারে বেপরোয়া বাসের ধাক্কায় সাইফুল ইসলাম রানা (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার শেরেবাংলা বাজার গ্রামের শাজাহান আলীর ছেলে।
এ ঘটনায় মারাত্মক আহত হয়েছেন মোটরসাইকেলের অপর আরোহী ও এক রিকশাচালক। তৎক্ষণাৎ বাসটি আটক করে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।
আজ শুক্রবার দুপুরে জুম্মার নামাজের সময় মগবাজার ওয়ারলেস গেটে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, এসপি গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস মগবাজার-মৌচাক ফ্লাইওভার দিয়ে নেমে মালিবাগের দিকে যাচ্ছিল। বাসটি সামনে থাকা মোটর সাইকেল ও রিকশায় সজোরে আঘাত করে। এসময় মোটর সাইকেল আরোহী রানা ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পথচারীরা তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে নিকটস্থ সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এরপর সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। দুপুর সোয়া ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক রানাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আহত হন রিকশাচালক ও মোটরসাইকেলের আরেক আরোহি। পথচারীরা তাদেরও নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিকে আটক করে ভাংচুর শুরু করে। এক পর্যায়ে বাসটিতে আগুন ধরিয়ে দেন তারা।
রমনা থানার উপপরিদর্শক(এসআই) মহিবুল্লাহ আমাদের সময়কে জানান, মগবাজারের ওয়ারলেসে একটি বাস পেছন থেকে একটি মোটর সাইকেল ও রিকশাকে ধাক্কা দেয়। এতে একজন নিহত হয়েছেন। ময়দাতদন্তের জন্য তার লাশ মর্গে রাখা হয়েছে।



