
জামায়াতকে ছাড়া ঐক্য করতে বিএনপির তৃণমূল নেতাদের পরামর্শ
রূপসী বাংলা ডেস্ক:চলতি বছরের অক্টোবরে নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে ডিসেম্বরে নির্বাচন করার কথা। সে হিসাবে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের জোটের হাতে সময় মাত্র এক মাস। ২৩ তারিখে ঈদ আজহা উদযাপিত হলে পুরো আগস্ট মাস কেটে যাবে ঈদের আমেজে। তাই একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ২০ দলীয় জোটের নেতাকর্মীরা ভাবতে শুরু করেছেন।
জাতীয় ঐক্য গড়ে তুলতে বিএনপির নীতিনির্ধারকদের পরামর্শ দিয়েছেন দলের তৃণমূলের নেতারা। তাদের বক্তব্য, জামায়াতে ইসলামী ছাড়া জাতীয় ঐক্য গড়ে তুলতে অসুবিধাটা কোথায়? এসময় তারা সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের প্রেক্ষাপট তুলে ধরেন। এর মধ্য দিয়ে জামায়াতকে ২০ দলীয় জোট থেকে বাদ দেয়ার সবুজ সংকেত দিলেন তারা। যদিও বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম শরিক দল জামায়াতে ইসলামী।
শুক্রবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান রাজনৈতিক কার্যালয়ে দলের তৃণমূল নেতাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় তারা এ পরামর্শগুলো দেন। এতে সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৈঠকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
বৈঠকে প্রথম সেশনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া উপস্থিত না থাকলেও তারা বরিশাল এবং খুলনা বিভাগের নেতাদের বৈঠকে উপস্থিত ছিলেন।
অন্যদিকে তৃণমূল নেতাদের মধ্যে জেলা ও মহানগর কমিটির সুপার ফাইভ-সভাপতি, সিনিয়র সহসভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক উপস্থিত ছিলেন।
দু’দিনব্যাপী মোট ৪টি সেশনে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণ করবেন দলের ৭৮টি সাংগঠনিক জেলার নেতারা। বিএনপির ১০টি সাংগঠনিক বিভাগের মধ্যে শুক্রবার ৪টি বিভাগের নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে রাজশাহী ও রংপুর বিভাগ এবং বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বরিশাল ও খুলনা বিভাগের নেতাদের বৈঠক শুরু হয়।
অপরদিকে বাকি ৬টি সাংগঠনিক বিভাগের নেতাদের বৈঠক হবে আগামীকাল শনিবার। ওইদিন সকাল ৯টা থেকে চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লা এবং বিকেল ৩টা থেকে হবে ঢাকা, ময়মনসিংহ ও ফরিদপুর সাংগঠনিক বিভাগের নেতাদের বৈঠক।
শুক্রবার প্রথম সেশনে রাজশাহী ও রংপুর বিভাগের ১৯টি ইউনিট অংশগ্রহণ করে। প্রায় ৩ ঘণ্টাব্যাপী এ বৈঠকে অন্তত ৫০ জনের অধিক নেতা বক্তব্য রাখেন। মতবিনিয়র সভায় প্রথম বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান।
বৈঠক সূত্রে জানা গেছে, শুক্রবার প্রথম সেশনে জামায়াত ছাড়া জাতীয় ঐক্যের প্রসঙ্গটি তুলে ধরেন রাজশাহী বিভাগ বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। পরবর্তীতে ১৯টি ইউনিটের নেতারা দুলুর বক্তব্যেকে সমর্থন দেন। জামায়াত ছাড়া জাতীয় ঐক্যের পক্ষে নিজেদের মতামত দলের নীতিনির্ধারকদের কাছে তুলে ধরেন তারা।
জামায়াত নিয়ে তৃণমূল নেতাদের বক্তব্য, যদি জামায়াতের জন্য জাতীয় ঐক্য গড়ে তুলতে সমস্যা হয় তাহলে তাদের বাধ দিচ্ছেন না কেন? জামায়াতকে বাদ দিয়ে অন্যান্য রাজনৈতিক দল ও বামদলগুলোকে নিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলুন।
বৈঠক সূত্রে জানা গেছে, তৃণমূলের নেতারা বলেছেন- বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবি আদায় আন্দোলন ছাড়া সম্ভব হবে না। বেগম জিয়া ছাড়া জাতীয় সংসদ নির্বাচনে যাওয়াও সম্ভব নয়। এজন্য শর্ট টাইমের আন্দোলনের পরামর্শ দিয়েছেন তারা।
সূত্র জানায়, বৈঠকে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়েও আলোচনা হয়েছে। এ ব্যাপারে বিএনপির তৃণমূল নেতাদের বক্তব্য, শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে রাজনীতি করা যাবে না। তবে অভিভাবক হিসেবে তাদের সমর্থন দেব।
এর আগে তৃণমূলের পরিস্থিতি জানতে গত এক বছরে বিএনপির কেন্দ্রীয় নেতারা মোট চারবার তৃণমূল সফর করেন। সফরে তারা নির্বাচনের প্রস্তুতি, প্রার্থী সম্পর্কে ধারণা, আন্দোলন ও দল পুনর্গঠনসহ সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন।
গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর তৃণমূল নেতাদের নিয়ে ঢাকায় প্রথমবারের মত বৈঠক করছেন নীতি-নির্ধারকরা।
কারাগারে যাওয়ার আগে গত ৩ ফেব্রুয়ারি ঢাকায় দলের নির্বাহী কমিটির সভা ডেকেছিলেন বেগম খালেদা জিয়া। রাজধানীর খিলক্ষেতে লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত ওই সভায় চেয়ারপারসনের সাজা হলে কঠোর কর্মসূচি দেয়ার প্রস্তাব করেন। কিন্তু দলের কৌশল হিসেবে কঠোর কর্মসূচি থেকে বিরত থাকেন তারা। তবে খালেদা জিয়ার নির্দেশে মুক্তির দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে যাচ্ছে বিএনপি।



