
নীতিশ-নাইডুকে পাশে বসিয়ে বৈঠক, ‘লিখিত অঙ্গীকার’ নিলেন মোদি
আগামী শনিবার নতুন সরকার গঠন করবে বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) জোট। বুধবার (০৫ জুন) বিকালে সর্বসম্মতিক্রমে টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়া নরেন্দ্র মোদিকে জোটের নেতা নির্বাচিত করা হয়েছে। এদিন এনডিএর শরিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসেছিলেন মোদি।
এনডিটিভি জানিয়েছে, বুধবার (০৫ জুন) নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মোদি ছাড়াও বিজেপির দুই শীর্ষ নেতা অমিত শাহ এবং জে পি নাড্ডা উপস্থিত ছিলেন।
বিজেপির একটি সূত্র জানিয়েছে, বৈঠকে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী কে চন্দ্রবাবু নাইডুর দিকে বিশেষ মনযোগ রেখেছিলেন মোদি। বৈঠকের সময় মোদির পাশেই ছিলেন দুই নেতা।
জল্পনা চলছে, নাইডু ও নীতিশের সঙ্গে বিরোধী জোট ইন্ডিয়া যোগাযোগ করার চেষ্টা করছে, যাতে ২৩২টি আসনে জেতা এই জোট সরকার গঠন করতে পারে। এ নিয়ে সন্দেহ কাটিয়ে উঠতেই নাইডু ও নীতিশের দলের কাছ থেকে ‘লিখিত অঙ্গীকারনামা’ নিয়েছে বিজেপি।
গেরুয়া শিবির জানিয়েছে, দুটি কারণে নাইডু এবং নীতিশের প্রতি বিশেষ মনযোগী বিজেপির হাইকমান্ড। প্রথমত ২০১৪ এবং ২০১৯ সালের নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনে বিজেপির ফলাফল হতাশাজনক। দ্বিতীয়ত নীতিশ ও নাইডু জোট ছাড়ছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে।
ভারতের লোকসভায় মোট আসন ৫৪৩টি। কোনো দল বা জোট যদি সরকার গঠন করতে চায় তাহলে ন্যূনতম ২৭২টি আসন নিশ্চিত করতে হয়। ২০১৪ সালের নির্বাচনে বিজেপি এককভাবে জয়ী হয় ২৮২টি আসনে। ২০১৯ সালের নির্বাচনে বিজেপি পায় ৩০৩ আসন। ফলে গত দুইবার সরকার টিকিয়ে রাখতে শরিকদের গুরুত্ব দেওয়ার প্রয়োজন পড়েনি।
তবে এবারের চিত্র ভিন্ন। লোকসভায় বিজেপি পেয়েছে ২৪০টি আসন। আর শরিক দলগুলো পেয়েছে ৫৩টি আসন। তাই এককভাবে সরকার গঠন না করতে পারলেও জোট সরকার গঠনে বাধা নেই বিজেপির।



