
বাসশূন্য ঢাকা, জনভোগান্তি চরমে
রূপসী বাংলা ডেস্ক:নিরাপদ সড়কের দাবিতে গত কয়েকদিনের ছাত্র বিক্ষোভের জেরে পাল্টা পদক্ষেপ হিসেবে পরিবহন চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহন মালিক-শ্রমিকরা। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।
অঘোষিত ধর্মঘটের কারণে শনিবার সকালেও মিরপুর রোড, রোকেয়া সরণি, সাতমসজিদ রোড, মানিক মিয়া এভিনিউ, কাজী নজরুল ইসলাম এভিনিউ, প্রগতি সরণি, এলিফ্যান্ট রোড, ধানমণ্ডিসহ আশপাশের এলাকায় কোনো গণপরিবহন দেখা যায়নি। তবে সড়কে রিকশা, সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেটকার, মাইক্রোবাস চলাচল করছে। এতে বেশি ভাড়া দিয়ে অফিস ও গন্তব্যে পৌঁছাতে হচ্ছে।
রাজধানীতে যান সঙ্কট থাকলেও শুক্রবার রাতে দূরপাল্লার বাস চলতে শুরু করে। মহাখালী বাস টার্মিনালে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ বলেন, আমরা যাতায়াত ব্যবস্থা ঠিক রাখার জন্য নাইট কোচ চালু রেখেছি। এক্সপোর্ট ইমপোর্টের যাতে কোনও ক্ষতি না হয় সে জন্য ট্রাক চলছে।
গত ২৯ জুলাই কুর্মিটোলায় জাবালে নূর পরিবহনের বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়। এই ঘটনার পর হাসি ও বক্তব্যের জন্য সমালোচনার মুখে পড়েন পরিবহণ শ্রমিকদের নেতা নৌমন্ত্রী শাজাহান খান। এরপর নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।



