
বকেয়া বেতন না পেলে ঈদে বাড়ি যাবেন না তারা
পাঁচ মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করছেন শতাধিক শ্রমিক। রবিবার (১৬ জুন) সকাল থেকে গাজীপুরের বড়বাড়ি এলাকায় ন্যাশনাল কেমিক্যাল মেনুফ্যাকচারিং কম্পানি লিমিটেডের শ্রমিকরা কারখানার সামনে সমবেত হন। বকেয়া বেতন না নিয়ে ঈদে বাড়ি যাবেন না তারা। যতদিন টাকা না পাবেন, ততদিন লাগাতার আন্দোলন চলবে বলে জানান শ্রমিকরা।
গতকাল থেকেই এ আন্দোলন শুরু হয়।
শ্রমিকরা বলেন, পাঁচ মাসের বকেয়া বেতন, ঈদ বোনাস ও অন্যান্য বকেয়া পরিশোধ না করলে আমরা ঈদে বাড়ি যাবো না। যতদিন টাকা না দিবে ততদিন লাগাতার আন্দোলন চলবে।
ন্যাশনাল কেমিক্যাল মেনুফ্যাকচারিং ইউনিয়নের সভাপতি মাহফুজুর রহমান জানান , রবিবার সকাল ৮টা থেকে গাজীপুর সিটি করপোরেশনের বড়বাড়ি এলাকায় কারখানার সামনে শ্রমিকদের আবারো বিক্ষোভ শুরু হয়।
গতকাল দুপুরে বিক্ষোভ চলাকালীন গাজীপুর শিল্প পুলিশের লাঠির আঘাতে মঞ্জুরুল ইসলাম নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তাকে পেছন থেকে শিল্পপুলিশ মাথায় আঘাত করেছে।
গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, ন্যাশনাল কেমিক্যাল মেনুফ্যাকচারিং কম্পানি লিমিটেডের শতাধিক শ্রমিক বিক্ষোভ করছেন।
শিল্প পুলিশের আঘাতে শ্রমিক আহত রয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, পুলিশের সাথে শ্রমিকদের কোনো সংঘর্ষ হয়নি।
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের গাজীপুর জেলা কমিটির সদস্য মোহাম্মদ জালাল হাওলাদার জানান, কারখানা শ্রমিকরা আমাকে জানায়, বিক্ষোভ চলাকালীন এক শ্রমিককে শিল্পপুলিশ পিটিয়েছে। পরে তাকে স্থানীয় তারুন্নেছা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে ন্যাশনাল কেমিক্যাল মেনুফ্যাকচারিং কম্পানি লিমিটেডের মালিক এম এস এন বুলুকে ফোন করলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।



