
মারাও যেতে পারতাম ঈশ্বর বাঁচিয়েছেন: সাক্ষাৎকারে ট্রাম্প
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাঁর এতক্ষণে লাশ হয়ে যাওয়ার কথা ছিল। তবে ভাগ্যক্রমে বা ঈশ্বর তাঁকে বাঁচিয়েছেন। হত্যাচেষ্টা থেকে বেঁচে যাওয়ার পর মার্কিন রক্ষণশীল সংবাদমাধ্যম ওয়াশিংটন এক্সামিনারকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন।
গত শনিবার সন্ধ্যায় পেনসিলভানিয়ায় নির্বাচনী সমাবেশে বক্তৃতার সময় ট্রাম্পকে গুলি করা হয়। গুলি তাঁর ডান কানে লাগে। তাঁকে রক্তাক্ত অবস্থায় মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হয়। এ হামলার ঘটনায় দর্শক সারিতে থাকা একজন নিহত হন। ট্রাম্পকে লক্ষ্য করে গুলি ছুড়েছিলেন টমাস ম্যাথিউ ক্রুকস নামের ২০ বছর বয়সী এক তরুণ। তিনি রিপাবলিকান পার্টির নিবন্ধিত ভোটার ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে তিনি নিহত হন।
সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘সবচেয়ে অবিশ্বাস্য ব্যাপারটি ছিল, আমি কেবল (আমার মাথা) ঘুরিয়েছিলাম না, বরং সঠিক সময়ে এবং সঠিক পরিমাণে ঘোরাতে পেরেছিলাম।’ তিনি বলেন, অন্যথায় যে বুলেটটি তাঁর কানে আঘাত করেছে, তা সহজেই তাঁকে হত্যা করতে পারে। তিনি বলেন, ‘আমার মারা যাওয়ার কথা; আমার এখানে থাকার কথা নয়।’
তিনি বলেছেন, আগামী বৃহস্পতিবার রিপাবলিকান পার্টির কনভেনশনে তিনি অসাধারণ ভাষণ দেবেন। এতে তিনি দেশকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাবেন।
রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে অংশ নিতে ট্রাম্প গতকালই উইসকনসিনের মিলওয়াকিতে যান। এখানে সম্মেলনে ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে ঘোষণা করা হবে।
ট্রাম্পের ডান কান সাদা ব্যান্ডেজ দিয়ে ঢেকে রাখা হয়েছে। এ অবস্থায় হামলা প্রসঙ্গে ট্রাম্প বলেন, এটা ছিল তাঁর জন্য খুবই এক পরাবাস্তব অভিজ্ঞতা।
এদিকে ট্রাম্পের ওপর হামলার পর ‘বিভক্ত’ দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। রোববার ওভাল অফিস থেকে দেশবাসীর উদ্দেশে ভাষণে বাইডেন বলেন, ‘আপনারা জানেন, আমাদের দেশের রাজনৈতিক পরিবেশ বেশ উত্তপ্ত হয়ে উঠেছে। এটা শীতল করে আনা দরকার।’ তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের রাজনীতিকে আক্ষরিক অর্থে যুদ্ধক্ষেত্র, বিশেষত হত্যার ক্ষেত্র হতে দেওয়া হবে না।’
৮১ বছর বয়সী বাইডেন বলেন, একটি গভীর বিভাজনের নির্বাচনের আগে পরিস্থিতি স্বাভাবিক করে আনা দুই পক্ষেরই (ডেমোক্রেটিক ও রিপাবলিকান) দায়িত্ব ছিল। এ পরিস্থিতি এখন যুক্তরাষ্ট্রকে পরীক্ষার মুখে ফেলেছে।



