
ইমরান-রুহানির ফোনালাপ, সম্পর্ক শক্তিশালীর আগ্রহ
রূপসী বাংলা ডেস্ক:পাকিস্তানের সঙ্গে অর্থনৈতিক ক্ষেত্রসহ সকল ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে ইরান। বুধবার রাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে যাওয়া ইমরান খানের সঙ্গে টেলিফোনে আলাপকালে একথা বলেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানী।
পাকিস্তানের সাম্প্রতিক পার্লামেন্ট নির্বাচনে তেহরিক ই ইনসাফ পার্টির বিজয়ে ইমরান খানকে অভিনন্দন জানিয়ে রুহানি আশা প্রকাশ করেন, ইমরানের শাসনামলে ইরান ও পাকিস্তানের সম্পর্ক আগের চেয়ে অনেক বেশি আন্তরিক ও গভীর হবে। খবর পার্সটুডের।
তেহরানের সঙ্গে ইসলামাবাদের সহযোগিতা শক্তিশালী করার যে আগ্রহ এরইমধ্যে ইমরান খান দেখিয়েছেন তাকে সাধুবাদ জানিয়ে ইরানের প্রেসিডেন্ট বলেন, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই বন্ধুপ্রতীম প্রতিবেশী দু’টি দেশকে অনেক বেশি অগ্রসর হতে হবে।
আগামী অক্টোবরে তেহরানে অনুষ্ঠেয় এশীয় দেশগুলোর শীর্ষ নেতাদের এক সম্মেলনে অংশগ্রহণের জন্য ইমরান খানকে আমন্ত্রণ জানান রুহানী।
এ সময় ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করার আগ্রহের কথা জানান ইমরান খান। পূর্বের যেকোনো সময়ের চেয়ে তার শাসনামলে ইরানের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক শক্তিশালী হবে বলে ইমরান খান প্রত্যয় ব্যক্ত করেন।



