
রজার্স চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল
রূপসী বাংলা ডেস্ক:অবাছাই গ্রীক তরুণ স্টেফানোস সিসিপাসের কুড়িতম জন্মদিনের উৎসব ভেস্তে দিয়ে রজার্স কাপের খেতাব ঘরে তুললেন শীর্ষ বাছাই রাফায়েল নাদাল৷ সেই সঙ্গে আসন্ন যুক্তরাষ্ট্র ওপেনের প্রস্তুতি যথাযথভাবে সেরে রাখলেন বিশ্বের এক নম্বর স্প্যানিশ তারকা৷
সিসিপাসের স্বপ্নের দৌড় থামিয়ে রাফা রজার্সের ফাইনাল জিতলেন বটে, তবে তা কখনই একতরফা বলা ঠিক হবে না৷ স্কোর বোর্ড বলছে গ্রীক তারকাকে স্ট্রেট গেমে হারালেন নাদাল৷ তবে দ্বিতীয় গেম টাই-ব্রেকারে টেনে নিয়ে যেতে সিসিপাস যে লড়াই উপহার দিলেন, তা লেখা থাকবে না রেকর্ড বইয়ে৷
নাদাল ৬-২, ৭-৬ (৭/৪) সেটে খেতাবি লড়াই জিতে হাতে তোলেন কেরিয়ারের চতুর্থ রজার্স কাপ৷ রাফার কেরিয়ারের ৮০ তম এটিপি ট্যুর ট্রফি এটি৷ যার মধ্যে এটিপি ওয়ার্ল্ড ট্যুর মাস্টার্স ১০০০ ট্রফি সংখ্যা গিয়ে বেড়ে দাঁড়াল ৩৩’এ৷
৩২ বছরের রাফায়েল এর আগে রজার্স কাপ জিতেছিলেন ২০০৫, ২০০৮ ও ২০১৩ সালে৷ এবারের মতো ২০০৮’এর খেতাব এসেছিল টরন্টোর হার্ড কোর্ট থেকে৷ বাকি দু’বার তিনি রজার্স চ্যাম্পিয়ন হন মন্ট্রিয়ালে৷
এই নিয়ে চলতি মরশুমে মোট পাঁচটি ট্রফি জিতলেন নাদাল৷ একটি গ্র্যান্ড স্ল্যামসহ বাকি চারটি খেতাব এসেছে স্প্যানিশ তারকার পছন্দের ক্লে কোর্ট থেকে৷ এবছর নাদাল চ্যাম্পিয়ন হন ফরাসি ওপেন, মন্টে কার্লো, বার্সেলোনা ও রোম মাস্টার্সে৷
অন্যদিকে রবিবারই কুড়ি বছরে পা দেওয়া সিসিপাস রজার্সের শুরু থেকে যে রকম ছন্দে ছিলেন, তাতে আরও একটা অঘটন ঘটিয়ে জন্মদিনের উৎসব পালণের জন্য তৈরি হচ্ছিলেন তিনি৷ ফাইনালে নাদালের মুখোমুখি হওয়ার আগে টরন্টোয় জায়ান্ট কিলার হিসাবে নিজেকে তুলে ধরেন স্টেফানোস৷
প্রথম রাউন্ডে অবাছাই দামির জুমহুরের বিরুদ্ধে জয় তুলে নেওয়া সিসিপাস দ্বিতীয় রাউন্ডে পরাস্ত করেন সপ্তম বাছাই ডমিনিক থিয়েমকে৷ প্রি-কোয়ার্টারে তাঁর শিকার হন বিশ্বের ন’নম্বর নোভাক জকোভিচ৷ কোয়ার্টার ফাইনালে গ্রীক তরুণ হারান দ্বিতীয় বাছাই আলেকজান্টার জেরেভকে৷ সেমিফাইনালে তিনি টপকে যান চতুর্থ বাছাই কেভিন অ্যান্ডারসনের বাধা৷
১৯৯০ সালে এটিপি ওয়ার্ল্ড ট্যুর আত্মপ্রকাশের পর থেকে পর পর চারটি ম্যাচে বিশ্বব়্যাংকিংয়ের প্রথম দশে থাকা চার জন তারকাকে পরাস্ত করা সব থেকে কম বয়সি অবাছাই টেনিস তারকা হলেন সিসিপাসই৷



