
ভারতে বাংলাদেশি গ্রেপ্তার, যেভাবে ‘দ্রুত বাগিয়ে নেন’ ভুয়া আধার কার্ড
পাসপোর্ট ও ভিসা ছাড়া ভারতীয় একটি প্রতিষ্ঠানে কাজ করার অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুতে প্রকাশিত খবরে বলা হয়, তামিলনাড়ুর কাননকুড়িচি পুলিশ বুধবার গোপন সূত্রেরভিত্তিতে চেটিচাভাদির একটি সোয়েটার কোম্পানিতে অনুসন্ধান চালায়। প্রতিষ্ঠানটিতে একশ’র বেশি শ্রমিক কাজ করেন। তদন্তে জানা যায়, ৪৪ বছর বয়সী ডি. জাফর মোহম্মেদ বাংলাদেশি নাগরিক এবং তাকে আরও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়।
পুলিশের বরাতে প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত ওই ব্যক্তি সাত বছর আগে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন এবং পরবর্তীতে বেঙ্গালুরুতে এসে দ্রুত একটি ভুয়া আধার কার্ড (ভারতীয় জাতীয় পরিচয়পত্র) তৈরি করে নেন। আট মাস ওই সোয়েটার কোম্পানিতে কাজ করার পর তিনি তামিলনাড়ুর সেলেমে চলে আসেন, যেখানে গত ছয় বছর ধরে তিনি কাজ করছেন।
অভিযুক্তের কাছে কোনো বৈধ নথিপত্র ছিল না এবং পুলিশ তার ভুয়া আধার কার্ড জব্দ করেছে। পুলিশ ফরেনার্স অ্যাক্টের ৩(২) এবং ১৪ ধারাসহ পাসপোর্ট (ভারতে প্রবেশ) অ্যাক্টের ১২(১)(সি) এবং আধার অ্যাক্টের ৩৪ ধারার আওতায় মামলা দায়ের করেছে। জাফরকে চেন্নাইয়ের পুঝল কারাগারে পাঠানো হয়েছে।



