
ওয়াশিংটনে সামরিক প্যারেড স্থগিত করেছেন ট্রাম্প
রূপসী বাংলা ডেস্ক:প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেটেরান্স ডে উপলক্ষে নভেম্বরে ওয়াশিংটন ডিসির রাস্তায় সামরিক প্যারেডের যে পরিকল্পনা করেছিলেন তা ২০১৯ সাল পর্যন্ত স্থগিত করা হয়েছে। ২০১৭ সালে ফ্রান্স সফরের সময় বাস্তিল দিবসের প্যারেড দেখে প্রভাবিত হন ট্রাম্প। তখনই তিনি যুক্তরাষ্ট্রে এমন আয়োজনের ইচ্ছা পোষণ করেন।
কিন্তু বৃহস্পতিবার এক প্রতিবেদনে বলা হয়, এ সামরিক কুচকাওয়াজে অনুমানের তিনগুণ অর্থাৎ ৯ কোটি ডলারেরও বেশি খরচ হবে। এটি প্রকাশিত হওয়ার পরপরই এ পরিকল্পনা থেকে সরে আসার কথা জানায় হোয়াইট হাউস।
কুচকাওয়াজ আয়োজনে পরিকল্পনার কথা জানানোর পরপরই এ ধরনের উচ্চাভিলাষী আয়োজনের সমালোচনা শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ভেটেরান্স ডে-তে প্যারেড না করে অবসরপ্রাপ্তদের সরাসরি আর্থিক সাহায্য করারও প্রস্তাব দিয়েছেন।
স্বৈরতান্ত্রিক দেশগুলোতেই এ ধরনের কুচকাওয়াজ হয় উল্লেখ করে সেসব দেশের শাসকদের সঙ্গে ট্রাম্পের মিল-অমিল নিয়েও অনেকে আলোচনা করছেন।
প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তির শতবর্ষ উপলক্ষে এ বছরের ১১ নভেম্বরে ওয়াশিংটনে এ কুচকাওয়াজ আয়োজনের পরিকল্পনা করেছিলেন ট্রাম্প।
সূত্র: বিবিসি



