আন্তর্জাতিকপ্রধান খবর

পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী ইমরান খান

রূপসী বাংলা ডেস্ক:পাকিস্তানের সাবেক কিংবদন্তি ক্রিকেট তারকা ইমরান খান দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। আজ শুক্রবার পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্যদের ভোটে তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

পাকিস্তানী সংবাদমাধ্যম ডন-এর খবরে বলা হয়, জাতীয় পরিষদের ১৭৬ জন সদস্যের ভোট পেয়েছেন ইমরান। তার বিপরীতে প্রধানমন্ত্রী পদে প্রার্থী হন পাকিস্তান মুসলিম লিগের (নওয়াজ) প্রধান শাহবাজ শরিফ। জাতীয় পরিষদের ৯৬ জন সদস্যের ভোট পেয়েছেন তিনি। তবে প্রধানমন্ত্রী নির্বাচনের ভোটদানে বিরত ছিল তৃতীয় বৃহত্তম দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)।

আগামীকাল শনিবার ইমরান খান পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করবেন।

গত জুলাই মাসে পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে জয় পেলেও সরকার গঠনের জন্য একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি ইমরানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। এ কারণে প্রধানমন্ত্রী নির্বাচিত হতে ছোট ছোট রাজনৈতিক দলগুলোর সাহায্য দরকার হয় ইমরানের।

রাজনীতিতে প্রবেশের প্রায় দুই দশক পর প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন পিটিআই প্রধান ইমরান।

ডন-এর খবরে বলা হয়েছে, জাতীয় পরিষদে ভোটাভুটি শুরুর আগে ইমরান ও শাহবাজ শরিফ করমর্দন করেন। ভোটাভুটির প্রক্রিয়া শুরুর ঘোষণা দেন জাতীয় পরিষদের নতুন স্পিকার আসাদ কায়সার। তিনি বলেন, ‘যারা ইমরান খানকে ভোট দিতে চান, তারা আমার ডান পাশের লবিতে চলে যান। আর যারা শাহবাজ শরিফকে ভোট দিতে চান, তারা আমার বাঁয়ে চলে আসুন।’

গত মাসের ২৫ তারিখে পাকিস্তানের জাতীয় পরিষদের নির্বাচনে ইমরানের দল পিটিআই ২৭২টির মধ্যে ১১৭টি আসন পায়। সংখ্যাগরিষ্ঠ আসন পেতে তার দরকার ছিল ১৩৭ আসন।।

নির্বাচনের আগে ‘নতুন পাকিস্তান’ গড়ার অঙ্গীকার দিয়ে চমক তৈরি করেন সাবেক এই তারকা ক্রিকেটার। তবে নিন্দুকেরা বলেন, দুর্নীতিবিরোধী অবস্থান থেকে অনেকটাই সরে গেছেন ইমরান। এখন তার দল পিটিআইয়েও অনেক দুর্নীতিগ্রস্ত রাজনীতিক আছেন।

পাকিস্তানে নির্বাচিত পার্লামেন্ট সদস্য হিসেবে গত সোমবার শপথ নিয়েছেন ইমরান খান। এবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পালা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension