
শক্তিশালী হচ্ছে ঘূর্ণাবর্ত! আরও ভারী বৃষ্টির পূর্বাভাস
রূপসী বাংলা ডেস্ক:আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। রবিবার সকাল থেকেই আবহাওয়ায় পরিবর্তন হয়েছে। সকাল থেকেই বৃষ্টি হচ্ছে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই। এই বৃষ্টি চলবে আগামী ২৪ ঘণ্টাতেও।
আগস্ট মাসেও বৃষ্টির ঘাটতি চলছে পশ্চিমবঙ্গে। ঘাটটি কিছুটা মিটতে পারে নতুন নিম্নচাপের জেরে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, উত্তর – পশ্চিম বঙ্গোপসাগর এবং ওডিশা উপকূলের উপর ঘূর্ণাবর্তের জেরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে উত্তর – পশ্চিম বঙ্গোপসাগর ও তার পার্শ্ববর্তী অঞ্চলে । পাশাপাশি ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিলোমিটার উপরে অবস্থান করছে। হেলে রয়েছে দক্ষিণ – পশ্চিম দিকে। আগামী ২৪ ঘণ্টায় এটি আরও স্পষ্ট হবে। পাশাপাশি মৌসুমি অক্ষরেখা গিয়েছে দিঘার উপর দিয়ে। এর জেরে আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝারগ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বীরভূম, নদীয়ায়। এই জেলাগুলিতে ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারন করেছে হাওয়া অফিস। জারি হয়েছে সতর্কতা।



