
পুরস্কৃত নববঙ্গের আহ্বায়ক
রূপসী বাংলা ডেস্ক: বাংলার হারানো গৌরব ফিরিয়ে নবজাগরণ আনতে ‘অরাজনৈতিক সংস্থা’ নববঙ্গ কাজ চালিয়ে যাচ্ছে৷ বাংলার পঞ্চায়েত নির্বাচনে নজিরবিহীন সন্ত্রাসের ঘটনা, মৃত্যুর মিছিল, ভোট লুঠ বা ছাপ্পার ঘটনার পরিপ্রেক্ষিতে সারা বিশ্বে বাঙালির মানহানি হয়েছে, মনে করে এই সংস্থা৷ বাংলার হারিয়ে যাওয়া গৌরব ফেরাতে ইতিমধ্যে জেলাস্তরে যুবক-যুবতীরা নব বঙ্গের আদর্শে অনুপ্রাণিত হচ্ছেন। সেই অনুপ্ররণামূলক নেতৃত্বের জন্যই মার্কিন দেশ থেকে পুরস্কৃত করা নববঙ্গের আহ্বায়ক সৌমেন পুরকায়স্থ৷ উত্তর আমেরিকার ফেডারেশন অব ইন্দো-আমেরিকান এই পুরস্কার প্রদান করেছে৷
সম্প্রতি ‘অনুপ্রেরণামূলক নেতৃত্ব পুরস্কার’-এ সম্মানিত হয়েছেন সৌমেনবাবু৷ আমেরিকার সিলিকন ভ্যালিতে এই অনুষ্ঠানে মার্কিন সরকারের পক্ষে ক্যালিফোর্নিয়ার মেয়র অ্যালান নেগি এই পুরস্কার দেওয়ার কথা ঘোষনা করেন। উপস্থিত ছিলেন, মিলপিটাসের প্রাক্তন মেয়র৷ তবে সৌমেনবাবু নিজে হাতে ওই পুরষ্কার গ্রহণ করতে পারেননি৷ প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর অন্তিমযাত্রা বা শেষকৃত্যে রাষ্ট্রীয় স্মৃতি স্থলে নিজের দায়িত্ব পালন করছিলেন তিনি৷ তাঁর হয়ে পুরষ্কার গ্রহণ করেন নব বঙ্গের এক প্রতিনিধি৷
বাংলার গ্রামে গ্রামে ঘুরে কাজ করছে নববঙ্গ৷ মূলত অরাজনৈতিক সংগঠন হলেও নববঙ্গকে বিজেপি ভাবধারায় প্রভাবিত বলা যায়৷ বীরভূম থেকে মালদা, দক্ষিণ দিনাজপুর, রাজ্যের বিভিন্ন দিকে কাজ করছে নববঙ্গ৷ নানান ইস্যু নিয়ে বাংলার যুবক যুবতিদের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির চেষ্টা করছে তারা৷ মেডিক্যাল কলেজে হস্টেলের দাবিতে ছাত্রদের আন্দোলন বা রাজ্যে পরিবহণের ভাড়া বৃদ্ধি, চর্চিত ইস্যুগুলি নিয়েই জনতার সঙ্গে আলাপচারিতা বাড়িয়েছে নববঙ্গ৷
২০১৯ লোকসভা নির্বাচনের আগে এবং ২০২১ বিধানসভা নির্বাচনের আগে বাংলায় পরিবর্তন আনতে উল্লেখযোগ্য ভূমিকা তাদের থাকবে, দাবি নববঙ্গের৷ সৌমেনবাবু অবশ্য নিজের পুরস্কার প্রয়াত অটলবিহারি বাজপেয়ীকে উৎসর্গ করেছেন৷ একই সঙ্গে তিনি বলেছেন, “বাংলার মানুষদের জন্য কাজ করার জন্যেই এই পুরষ্কার পেয়েছি। তাই বাংলার মানুষদের অসংখ্য ধন্যবাদ জানাতে চাই।”



