
ভিয়েতনামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ যথাযথভাবে উদযাপনের অংশ হিসেবে আজ ভিয়েতনামের হ্যানয়স্থ বাংলাদেশ দূতাবাস শহরের স্থানীয় এক হোটেলে একটি কূটনৈতিক অভ্যর্থনার আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিয়েতনামের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রদূত গুয়েন টাত থানহ। এতে হ্যানয়স্থ বিভিন্ন দূতাবাসের রাষ্ট্রদূত, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, ভিয়েতনামের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধি এবং হ্যানয়ে বসবাসরত প্রবাসী বাংলাদেশিসহ শতাধিক অতিথি উপস্থিত ছিলেন। বাংলাদেশ ও ভিয়েতনামের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ লুৎফর রহমান। বক্তব্যের শুরুতে তিনি মহান মুক্তিযুদ্ধের ত্রিশ লাখ শহীদ, দুই লাখ মা-বোন এবং সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যক্ষেত্রে উন্নয়ন, ক্ষুদ্রঋণের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তিকরণ, বিদেশি বিনিয়োগ বৃদ্ধিসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের উল্লেখযোগ্য অর্জনের কথা তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে ভিয়েতনামের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রদূত গুয়েন টাত থানহ স্বাধীনতার বিগত ৫৫ বছরে অর্জিত অসাধারণ সাফল্যের জন্য বাংলাদেশের জনগণ ও সরকারকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, “বাংলাদেশের আর্থ-সামাজিক উনয়ন বিশ্বের অনেক দেশের কাছে আজ অনুকরণীয়। বিশ্ববাজারে পোশাক শিল্পে নেতৃত্ব প্রদান, বিশ্বের অন্যতম ঔষধ রপ্তানিকারক এবং জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সর্বাধিক শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশ আজ আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিমণ্ডলে এক গুরুত্বপূর্ণ রাষ্ট্রশক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। বাংলাদেশের এই উন্নয়ন অগ্রযাত্রায় ভিয়েতনাম ও বাংলাদেশের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক আরো সমৃদ্ধ হবে”। তিনি আরও বলেন “আমার দৃঢ় বিশ্বাস, দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্যের পরিমাণ দ্রুত গতিতে বৃদ্ধি পাবে এবং শীঘ্রই তা দুই বিলিয়ন মার্কিন ডলার লক্ষ্যমাত্রা অতিক্রম করবে”।



