বাংলাদেশ

দুঃখটা এটাই, বাবাও পারেননি আমিও পারিনি : প্রধানমন্ত্রী

রূপসী বাংলা ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তি হয়েও পড়াশোনা শেষ করতে না পারার দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,  দুঃখটা এটাই, বাবাও তার পড়াশোনাটা শেষ করতে পারেননি, বিশ্ববিদ্যালয় থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল। আর আমিও মাস্টার্সে ভর্তি হয়ে তা আর সমাপ্ত করতে পারিনি। আমি পঁচাত্তরে তখন জার্মানিতে চলে যাই এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হিসেবেই।

শনিবার ঢাবির রোকেয়া হলে নবনির্মিত ‘৭ মার্চ ভবন’ উদ্বোধন করতে গিয়ে দুঃখ প্রকাশ করে এসব কথা জানান তিনি।

তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের মাত্র ১৫ দিন আগে আমি দেশ ছেড়েছিলাম। এরপর ছয় বছর আর ফিরে আসতে পারিনি। আমি মাস্টার্সে ভর্তি হয়েছিলাম। কিন্তু তা আর সমাপ্ত করতে পারিনি। আমার সে শিক্ষা অধরাই থেকে গেল। এই দুঃখটা আমার মনে সবসময় আছে, আমার মনে সবসময় থাকবে।

শেখ হাসিনা বলেন, এই বিশ্ববিদ্যালয় আমাকে সম্মান দিয়েছে, আমাকে অনারারি (সম্মানসূচক) ডিগ্রি দিয়েছে, সে জন্য কৃতজ্ঞ এই বিশ্ববিদ্যালয়ের প্রতি।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া হলের ছাত্রীদের আবাসনের জন্য ৮৮ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত ১১ তলা ‘৭ মার্চ ভবন’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর ভবনটির ‘৭ই মার্চ জাদুঘর’ পরিদর্শন বইয়ে গর্ববোধের কথা লেখেন তিনি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের প্রতি সম্মান জানিয়ে হলটির এই ভবনের নাম ‘৭ মার্চ ভবন’ হয়।

পরিদর্শন বইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লেখেন, রোকেয়া হলে ৭ই মার্চ ভবনে ঐতিহাসিক ৭ই মার্চের ওপর যে জাদুঘর নির্মাণ করা হয়েছে তা পরিদর্শন করে আমি আনন্দিত। কারণ ইতিহাসকে স্মরণ করলে ভবিষ্যতকে সুন্দর ভাবে গড়ে তোলা যায়। ’পরিদর্শন বইয়ে প্রধানমন্ত্রীর মন্তব্য। ছবি: পিআইডিতিনি লেখেন, ‘৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালে রেসকোর্স ময়দানে আহ্বান করেছিলেন বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধের প্রস্তুতি গ্রহণ করার জন্য। আর সেই ভাষণই প্রকৃতপক্ষে আমাদের স্বাধীনতার ঘোষণা।

‘ইউনেস্কো ৭ই মার্চের ভাষণকে বিশ্ব ঐতিহ্য দলিল হিসেবে ঘোষণা দিয়েছে। বাঙালি জাতি আজ সম্মান পেয়েছে, আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে পাশ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিদর্শন বইয়ে আরও লেখেন, ‘আমি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হিসেবে গর্ববোধ করি।’

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এতে বক্তব্য রাখেন- শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন ও রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জিনাত হুদা।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension