ভারত

নিজ বাসভবনে হামলার শিকার দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা

নিজের সরকারি বাসভবনে হামলার শিকার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। একটি অনুষ্ঠান চলাকালীন তার ওপর হামলা করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। হামলাকারীকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। কী কারণে এই হামলার ঘটনা, তা জানতে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। অভিযুক্তের নাম রাজেশ ক্ষিমজি। তিনি রাজকোট গুজরাতের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রেখা গুপ্তার বাসভবনে জনশুনানি চলাকালীন এই হামলা করা হয়। অনুষ্ঠান চলাকালীন রেখা গুপ্তা যখন উপস্থিত সকলের সঙ্গে কথা বলছিলেন, সেই সময়েই এক যুবক তার দিকে এগিয়ে আসেন। তিনি মুখ্যমন্ত্রীর হাত ধরে টানেন, তাকে চড় মারার চেষ্টা করেন। এ সময় মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে পাথর ছোঁড়া হয় বলেও অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার পরই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁকে দিল্লির সিভিল লাইন্স থানায় নিয়ে যাওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন দিল্লি পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা। বিশ্লেষকরা বলছেন, দিল্লির মুখ্যমন্ত্রীর ওপর হামলার ঘটনা আরও একবার রাজধানীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করল।

মুখ্যমন্ত্রী দপ্তরের সূত্র বলছে, রেখা গুপ্তার শরীরে আঘাত লেগেছে। এই মুহূর্তে বাড়িতেই চিকিৎসাধীন তিনি।

মুখ্যমন্ত্রীর ওপর হামলায় বিরোধীদের দিকেই অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। অন্যদিকে, কংগ্রেসের পক্ষ থেকেও এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension